New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
CM Suvendu Adhikari: হোটেলের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের, তাঁদের দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিকিৎসা হচ্ছে আরও ৬ জনের।

কলকাতা: নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে হাজির ফরেন্সিক টিম। ১৯ অগাস্ট রাত প্রায় ২টো নাগাদ আগুন লাগে নিউ মার্কেটের একটি বিল্ডিংয়ের হোটেলে। জানা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে এক একটি আলাদা আলাদা হোটেল ছিল। এর মধ্যে ৩ তলার একটি হোটেলে আগুন লাগে। আগুনের ভয়াবহতা তেমন না থাকলেও, মনে করা হচ্ছে, প্রাণঘাতী হয়েছে ধোঁয়া। সেই ধোঁয়াতেই দেখতে পাননি অনেকে, খুঁজে পাননি বেরনোর রাস্তা। আগুন লেগে যাওয়ার ফলে হোটেলের লিফট ছিল বন্ধ। ইমার্জেন্সি এক্সিটের জন্য যে সিঁড়ি ছিল, সেটি ছিল লোহার তৈরি। আগুন লাগলে স্বভাবতই সেই সিঁড়ি গরম হয়ে যাবে, ফলে নেমে আসা ছিল কার্যত অসম্ভব। হোটেলের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের, তাঁদের দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিকিৎসা হচ্ছে আরও ৬ জনের।
ঘটনাস্থলে গিয়ে কী জানালেন সন্তোষ পাঠক?
ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন, সন্তোষ পাঠক। এবারের চৌরঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী ছিলেন সন্তোষ পাঠক। তিনি বলছেন, 'তৃণমূলের টাকার দরকার ছিল। অবৈধভাবে চুরি-ডাকাতি করেই টাকা জোগাড় করেছে, এই সমস্ত ঘটনা তো ঘটবেই। এবার আমরা এসেছি, আর কিছু হবে না। আমি আসতে আসতেই শুনছিলাম, এখানে বহু অবৈধ নির্মাণ রয়েছে। ঘরের ভিতরে ছোট ছোট ভাগ করে আবার ঘর বানানো হয়েছে। বাংলাদেশের অনেক বাসিন্দা এসেই এখানে থাকতেন। ঘরের মধ্যে ঘর করে ভাড়া দেওয়া... গোটা বিষয়টাই অবৈধ। শুধু এখানে তদন্ত হবে না, গোটা কলকাতায় তদন্ত হবে। যারা এইসব অবৈধ কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। তৃণমূল সরকারের টাকার দরকার ছিল, তাই এইভাবে অবৈধ ব্যবসা চালিয়ে গিয়েছে। ফায়ার এক্সিট থেকে শুরু করে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, কিছুই ছিল না।'
সন্তোষ পাঠক এদিন জানান, তিনি মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টাই জানিয়েছেন। ফায়ার মিনিস্টারকেও ঘটনাটা জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে আসতে পারেন বলে জানিয়েছেন সন্তোষ পাঠক। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং এই ঘটনার সঙ্গে যাঁরা যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দমকলমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






















