Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
Purulia News: রবিবার তেরঙা র্যালি আয়োজন করা হয়। এই র্যালিতে অংশগ্রহণ করেন পুরুলিয়ার জেলা শাসক সুধীর কন্থম, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত জেলা শাসক এবং ডিএফও।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জেলা শাসকের দফতর থেকে শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা। রবিবার এই তেরঙা র্যালি আয়োজন করা হয়। এই র্যালিতে অংশগ্রহণ করেন পুরুলিয়ার জেলা শাসক সুধীর কন্থম, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত জেলা শাসক এবং ডিএফও। তাঁদের সঙ্গে র্যালিতে অংশ নেন পুরুলিয়া শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
প্রায় ২০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে শুরু হয় এই বিশেষ র্যালি। এই র্যালিতে অংশ নিয়েছিল পড়ুয়ারা। তার পাশাপাশি অংশ নেয় পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য শিল্পীরাও। জাতীয় পতাকা হাতে শহরের রাস্তায় পদযাত্রা হয়। আর সেই পদযাত্রা ঘিরে উৎসাহ দেখা যায় অংশগ্রহণকারীদের মধ্যে।
পুরুলিয়ার জেলা শাসক সুধীর কন্থম জানান, আজ থেকে আগামী সাত দিন ধরে পুরুলিয়া জেলায় ‘হর ঘর তেরঙা’ কর্মসূচি পালন করা হবে। প্রতিটি বাড়িতে দেশের প্রতি গর্ব ও ভক্তির বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
সুধীর কন্থম বলেন, "বিশেষ করে জেলা শাসকের দফতর থেকে এই র্যালির সূচনা করা হয়েছে। এই কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। তাঁর দাবি, র্যালিতে প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।"
জাতীয় পতাকা হাতে পড়ুয়াদের অংশগ্রহণ এবং ছৌ নৃত্যের পরিবেশনার মাধ্যমে পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা। আগামী সাত দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলবে।
পুরুলিয়ার পাশাপাশি খড়গপুরেও শুরু হল তেরঙা যাত্রা। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও। সকাল সকাল দেশাত্মবোধের বার্তা নিয়ে খড়গপুর শহরে আয়োজন করা হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের সাব ডিভিশনাল অফিসারের অফিস থেকে এই ‘হর ঘর তেরঙা’ যাত্রার আয়োজন করা হয়। ‘হর ঘর তেরঙা’ যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও। জাতীয় পতাকা হাতে নিয়ে সাব ডিভিশনাল অফিসারের অফিস থেকে সূর্যসেন মোড় পর্যন্ত এই ‘হর ঘর তেরঙা’ যাত্রা হয়।























