গাড়িতে আটকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখেই এগিয়ে এলেন কুণাল ঘোষ, তারপর ...
খবর পেয়েই ছুটে আসেন বিধায়ক কুণাল ঘোষ। দুজন-দুজনকে দেখেই করজোড়ে নমস্কার করেন। করেন সৌজন্য বিনিময়ও।

তীব্র রাজনৈতিক তর্কবিতর্ক, ব্যক্তিগত আক্রমণের মধ্যেও তাঁরা আগেও বজায় রেখেছেন সৌজন্য। রাজনীতির লক্ষ্মণরেখা পার করে ব্যক্তিগত প্রশংসাও শোনা গিয়েছে তাঁদের মুখে । আবারও সেই সৌজন্য চিত্র ফিরল রাজ্য রাজনীতিতে। এক বিজেপি সাংসদের গাড়িকে যাওয়ার রাস্তা করে দিলেন স্থানীয় মমতা-অনুগামী তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ।
প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজেৎ গঙ্গোপাধ্যায় ও মমতা অনুগামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ ফের মুখোমুখি। এবার কুণাল ঘোষের পাড়ায়। বিধায়কের এলাকায় চলছিল রামমোহন সম্মিলনীর পাড়া পরিক্রমা । এই কর্মসূচি চলায় রাস্তায় কিছুটা যানজট হয়। আটকে পড়ে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদের গাড়ি। খবর পেয়েই ছুটে আসেন বিধায়ক কুণাল ঘোষ। দুজন-দুজনকে দেখেই করজোড়ে নমস্কার করেন। করেন সৌজন্য বিনিময়ও।
কুণাল ঘোষের এলাকায় রামমোহন সম্মিলনীর পাড়া পরিক্রমা চলছিল । ওই এলাকা দিয়ে যাওয়ার পথে আটকে যায় বিজেপি সাংসদের গাড়ি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আটকে যেতে দেখে এগিয়ে যান মমতা তৃণমূলের বিধায়ক। শোভাযাত্রার গাড়ি ঘুরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি বের করে দেন কুণাল । বিজেপি সাংসদ ও মমতা তৃণমূলের বিধায়ক বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন ।
২০২৪ সালের একেবারে শুরুর দিকের কথা। তখন বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন এজলাসে বসে, দুর্নীতিকে উপড়ে ফেলতে একের পর এক মামলায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তের নির্দেশ দেন তিনি। আর কুণাল ঘোষ তাঁকে যখন-তখন সিপিএমের লোক বলতেন। সেই সময় একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বলেন,' কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব মতো হয়ে গেছে! একদিন আমার চেম্বারে এসেছিলেন। আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম! মানুষটা খারাপ না। আমি একটু অনুষ্ঠানে গেছিলাম। উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভালো ব্যবহার করলেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব। ' কুণাল ঘোষও তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ' উনি বলেছেন, যে আমার সঙ্গে অনেকটা ওনার বন্ধুত্বের
মতো হয়ে গেছে। খুব ভুল বলেননি ... আমি যেন হাইকোর্টে গেলে, সময়-সুযোগ মতো ওনার সঙ্গে দেখা করতেই পারি। ' এরপর একাধিক বার একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে যে সৌজন্য হারায়নি, তাঁরই প্রমাণ হল আরেকবার।
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি






















