Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
Mamata At Halisahar: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। আর যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল কাদা ও জুতো। অনেক মানুষ 'চোর' স্লোগান দিতে থাকে।

হালিশহর: হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর বাড়িতে যাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তাঁর গাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। আর যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল কাদা ও জুতো। অনেক মানুষ 'চোর' স্লোগান দিতে থাকে।
জানা গিয়েছে, যিনি মারা গিয়েছেন, তাঁর নাম বিরজু কেওত। তিনি কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন বলেই জানা গিয়েছে। ওই ব্যক্তিকে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়। তারপর ধৃত ব্যক্তিকে গতকালই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর গতকালই অসুস্থ হয়ে পড়েন বিরজু। অসুস্থ ওই ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।
হালিশহরের ভূতবাগান এলাকায় ঘটে এই ঘটনা। সেখানে রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ করে ছোড়া হয় কাদা, জল ও জুতো। একই সঙ্গে ওঠে 'চোর', 'চোর' স্লোগান। গাড়িতে লেপে দেওয়া হয় কাদাও। যদিও বিরজু কেওতের বাড়ি ঢোকার সময় জনরোষ আটকানোর চেষ্টা করতে থাকে পুলিশ ও র্যাফ।
স্থানীয় এক ব্যক্তি 'ডাকাত রানি' বলেও সম্বোধন করেন। তিনি বলেন, "আজ যত কিছু হয়েছে ওঁর দোষে হয়েছে। আজকে যদি বিজেপি ক্ষমতায় না আসত, লাশের পাহাড় পড়ত বীজপুরে। বীজপুর বোমের স্তূপ। বড় বড় লোহার পাইপ কেটে রেখেছিল আমাদের মারার জন্য।"
আজ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূত বাগানে এসে পৌঁছান তখন তাঁকে লক্ষ্য করে 'চোর' স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। আটকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ও। বিরজু কেওতের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "বাইরে থেকে বিজেপি লুম্পেন যোগাড় করেছে। আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ ও এত বড় বড় ইট মেরেছে। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমরা আসব বলেছিলাম, আমরা এসেছি।"
আর এক তৃণমূল নেতা বলেন, "এটা কাস্টডিয়াল ডেথ। এবং কাস্টডিয়াল ডেথ হলে তার বিচার হবে। বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। আমরা করব। মমতাদি আছে। আমরা আছি।"























