Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Sumit Roy: শিল্পমন্ত্রী তাপস রায় বলেন,"এই সমস্ত কিছুর সঙ্গেই তো তৃণমূল, অভিষেক, মূত বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যুক্ত। এটা তো নতুন কিছু নয়।"

কলকাতা: গতকালের পর আজও ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। আজ সকাল ৯ টা বেজে ৫০ মিনিটের দিকে ভবানী ভবনে পৌঁছে যান। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেওয়ার পরই সিআইডির সঙ্গে তদন্তে সহযোগিতা করলেন সুমিত রায়। তাঁকে নিয়ে এবার মুখ খুললেন শিল্পমন্ত্রী তাপস রায়।
আরও পড়ুন: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা - জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
সূত্রের খবর , গতকাল ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত রায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। রাতে সেই বাড়িতেই ছিলেন তিনি, কারণ তাঁকে ওই বাড়ি থেকে আর বেরতে দেখা যায়নি। এই প্রসঙ্গে তাপস রায় বলেন, "যার কাজ করত, তার কাছে গিয়েছে।"
এ ছাড়াও জানা গিয়েছে, সুমিত রায় যে গাড়ি ব্যবহার করছেন, অর্থাৎ যে গাড়ি নিয়ে তিনি যাওয়া আসা করছেন, সেই গাড়িটা তৃণমূল কংগ্রেসের। এই প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, "এই সমস্ত কিছুর সঙ্গেই তো তৃণমূল, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যুক্ত। এটা তো নতুন কিছু নয়।"
এ ছাড়াও তৃণমূলে কোনও রাজনৈতিক দলের মর্যাদাও দিতে চাননি তাপস রায়। তিনি বলেন, "তৃণমূল একটা রোজগারের বন্দোবস্ত করে দেওয়ার একটা সংস্থা। কোনও রাজনৈতিক দল তো নয়। যে যার করে কম্মে খাও।"
উল্লেখ্য, গত ১৩ জুন শালবনীর জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের খোঁজে সুমিত রায়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। গভীর রাতে কালীঘাট রোডের বাড়ির সামনে অপেক্ষাও করতে দেখা যে পুলিশকে। পরবর্তীতে সকালে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে পুলিশ। চলে তল্লাশিও। যদিও কোনও ভাবেই খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেওয়ার শর্ত দেওয়ার পরই তদন্তে সহযোগিতা করতে রাজি হন সুমিত রায়। আর তারপরই সিআইডির তলবে হাজিরা দেন তিনি। গতকাল সকাল ৯ টা বেজে ৫৪ মিনিট ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিসটেন্ট। প্রায় ১০ ঘণ্টা সেখানে ছিলেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিআইডি। আর সেই নোটিস দেওয়ার পরই ভবানী ভবনে হাজিরা দেব অভিষেকের পার্সোনাল অ্যাসিসটেন্ট সুমিত রায়।























