NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়েছে ওষুধ, অনুমান চিকিৎসকদের। নার্সের রহস্যমৃত্যুর খবর পেয়ে NRS হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

কলকাতা: এনআরএস হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। হাসপাতালের স্ত্রী-রোগ বিভাগের শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়েছে নার্সের। শৌচাগারের দরজা ভেঙে গতরাতে দেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে খবর HDU-তে ডিউটি চলাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যান ওই নার্স। পরে দেহ উদ্ধার হয় শৌচালয় থেকে।
শৌচালয়ে দেহের পাশে পড়ে ছিল অচৈতন্য করার ওষুধ ফেন্টানিল, মিডাজোলামের ৩টে ভায়াল। নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়েছে ওষুধ, অনুমান চিকিৎসকদের। নার্সের রহস্যমৃত্যুর খবর পেয়ে NRS হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে তিনি অধ্যক্ষ, মেট্রনের সঙ্গে কথা বলেন বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর নজর রাখবে বলেই সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, হোমিসাইডের অফিসাররা এই ওয়ার্ডে রাতে কোন কোন নার্স ডিউটিতে ছিলেন তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন। খতিয়ে দেখা হচ্ছে ফোনের কল লিস্টও। শেষ কার সঙ্গে কথা বলেছিলেন ওই নার্স তা বের করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের ফোনের কল রেকর্ডিং খতিয়ে দেখা হচ্ছে।
এদিন স্বাস্থ্যমন্ত্রী ওই ওয়ার্ডের হেড নার্স স্বাস্থ্যমন্ত্রীকে জানায়, 'ওঁর সঙ্গে যে স্টাফ ছিল, তাঁকে বলেন যে আমি আসছি। বাকি কাজ দু'জনে একসঙ্গে করে নেব। ও কোনওদিনই হস্টেলে ছিল না। বিয়ে হয়েছে এ বছর মার্চে। ওঁর শ্বশুরবাড়ি দিল্লিতে। স্বামীকে নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে। স্বামী কিছু ব্যবসা করে। বাড়ি পূরব্ মেদিনীপুরে। ৯.১০-১৫ মিনিট নাগাদ ও বাথরুমে যায়। এরপর আমাদের নার্সদের সেনসাস চলে। তখন ওঁকে পাওয়া যায়নি।'
পুলিশ জানিয়েছে, এনআরএস- এর তরফে এন্টালি থানার কাছের আউটপোস্ট থেকে খবর আসে যে এইচডিউ ওয়ার্ডের একজন মহিলা নার্স, যিনি রুম নম্বর ৩৩ এ রয়েছেন। সেখানে আত্মঘাতী হয়েছেন । এরপর খবর পেয়েই হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে যান। সেখানে জানা যায় ৩০ বছর বয়সি নার্সকে খাটে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়।






















