Nisith Pramanik on Udayan Guha: 'পাপ, বাপকেও ছাড়ে না, নিজের বাবাকে চোর বলে পরিচয় দিতেন', উদয়ন গুহ গ্রেফতার হতেই বিস্ফোরক নিশীথ প্রামাণিক
Nisith Pramanik: "উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে স্বীকার করে নিয়েছিলেন, বারবার নিজের বাবাকে চোর বলে পরিচয় দিতেন। আজ দেখুন, পৃথিবীটা কিন্তু কোথাও গিয়ে গোল", বললেন নিশীথ প্রামাণিক।

কলকাতা: প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হয়েছেন। প্রতারণার অভিযোগে কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন তিনি। কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, এই ৩ ধারায় এফআইআর হয়েছে তাঁর বিরুদ্ধে। আর এবার সেই প্রাক্তন উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গ্রেফতারিতে মুখ খুললেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
নিশীথ প্রামাণিক বললেন, "কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আর আজ আমরা যা দেখলাম, আর এটা আমার মনে হয় তার সব থেকে বড় উদাহরণ। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে স্বীকার করে নিয়েছিলেন, বারবার নিজের বাবাকে চোর বলে পরিচয় দিতেন। আজ দেখুন, পৃথিবীটা কিন্তু কোথাও গিয়ে গোল। আজ তাঁকেই কিন্তু গ্রেফতার হতে হয়েছে। একটা নয়, তাঁর নামে প্রচুর মামলা। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছিলেন, তাঁর নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজ বেড়াল হয়ে খাঁচাবন্দি।"
আরও পড়ুন: হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কুণাল ও দোলা
উল্লেখ্য, কলকাতা থেকে গ্রেফতার করার পর কোচবিহারে নিয়ে যাওয়া হয় দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে আবাস প্রকল্পে কাটমানির নেওয়ার অভিযোগও রয়েছে। ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে।
অন্যদিকে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে কোর্টে আরও চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। সব্যসাচীর মামলাতেও উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আজ বিধাননগর আদালতে সব্যসাচী দত্তের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। অন্যদিকে, তাঁকে আরও ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতে আজ সরকারি আইনজীবী বলেন, সব্যসাচী দত্ত 'সুপার ইনফ্লুয়েন্সিয়াল' বা 'এক্সট্রা অর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল'। আর সেখানেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ।
Before You Go
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা






















