West Bengal Assembly Elections 2026: মমতার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার ৩, তৃণমূলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনেই যুক্ত ছিলেন? দাবি ধৃতদের
Mamata Banerjee: ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ হন মমতা।

কলকাতা: হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানা খবর। গতকাল হরিশচন্দ্রপুরে তৃণমূলের সভায় যোগ দেন ওই তিন জন। ধৃতদের দাবি, তাঁরা তৃণমূলের সোশ্য়াল মিডিয়া প্রচারের জন্য়ই কাজ করছিলেন তাঁরা। (Mamata Banerjee)
গতকাল মালদায় দলীয় প্রার্থীদের জন্য প্রচারে গিয়েছিলেন তৃণমূলনেত্রী। সেই সময় সামসিতে এই ঘটনা ঘটে। মমতার হেলিকপ্টারের সামনে একেবারে এসে পড়ে ড্রোন। গোটা ঘটনায় ক্ষুব্ধ হন মমতা। হেলিকপ্টারে ওঠার সময় তাঁকে বলতে শোনা যায়, "হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে যেত। কারা করছে এসব? পুলিশের নজর রাখা দরকার। যারা করেছে, তাদের আইডেন্টিফাই করা দরকার।"
আরও একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায়, কপ্টারে ওঠার আগে দাঁড়িয়ে আছেন মমতা। আকাশে উড়ন্ত ড্রোনটিকে নিরীক্ষণ করছেন তিনি।সেই সময়ই কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মমতা। সেই মতো ভিড়ের মধ্যে থেকে তিনজনকে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের। (West Bengal Assembly Elections 2026)
ধৃত তিন জনকে অঙ্কিতকুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নুর আখতারকে গ্রেফতার করা হয়েছে। হরিশচন্দ্রপুরে তৃণমূলের সভায় যোগ দেন ওই তিন জন। ধৃতদের একজন বলেন, "হ্যাঁ আমরা ড্রোন উড়িয়েছি।" পাশের জনের দিকে অঙ্গুলিনির্দেশ করে বলেন, "এ ওড়াচ্ছিল। জানত না। আমরা কাজ করছি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের জন্য। বারণ করেছিলাম। আইডিয়া ছিল না। তাও বেস্ট ফুটেজের জন্য ড্রোন উড়িয়ে ফেলে।" ধৃতদের দাবি, তাঁরা তৃণমূল প্রার্থীর হয়েই প্রচার করছিলেন। তবে দলের তরফে সেই নিয়ে কিছু জানানো হয়নি।
তবে মমতার কপ্টারের সামনে ড্রোন ওড়ানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কারণ গত ২৬ মার্চ দুর্যোগে আটকে পড়েছিল মমতার বিমান। প্রচার সেরে কলকাতায় নামার সময় আটকে পড়ে বিমানটি। কলকাতা বিমানবন্দরের কাছে দুর্যোগ এত তীব্র আকার ধারণ করে যে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে সেই অবস্থায় আকাশে চক্কর কেটে শেষ পর্যন্ত মাটি ছোঁয়।
সেবার দুবরাজপুরে প্রচার সেরে অন্ডাল থেকে ছোট আকারের বিমানটিতে সওয়ার হন মমতা। কলকাতা বিমানবন্দরে নামার সময় বিপত্তি দেখা দেয়। পরে দুই পাইলটের ভূয়সী প্রশংসা করেছিলেন মমতা। জানিয়েছিলেন, পাইলটরাই বিমানে সওয়ার সকলের প্রাণ বাঁচিয়েছেন। সেই ঘটনার পরই কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে মমতার নিরাপত্তা নিয়ে।




















