Bollywood News: দরজা ভাঙা, কেটে ফেলা হয়েছে জানলার গ্রিল, বলিউড নায়িকার বাড়িতে ভয়াবহ চুরি, ব্যাপক ভাঙচুরও
Sangeeta Bijlani: পুণের মাভালের তিকোনা গ্রামে সঙ্গীতার ফার্মহাউসটি রয়েছে।

মুম্বই: মহারাষ্ট্রে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাড়িতে চুরি। ফার্মহাউস থেকে জিনিসপত্র তো চুরে করে নিয়েই গিয়েছে চোরের দল, সেই সঙ্গে অভিনেত্রীর বাড়িতে তাণ্ডব চালিয়েছে তারা। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সঙ্গীতার বাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি যদিও। (Bollywood News)
পুণের মাভালের তিকোনা গ্রামে সঙ্গীতার ফার্মহাউসটি রয়েছে। চুরির ঘটনা সামনে জানাই যায়নি প্রথমে। শুক্রবার প্রায় চার মাস পর নিজের ওই ফার্মহাউসে পৌঁছন সঙ্গীতা। সেখান ভাঙচুর হয়েছে বলে তিনিই দেখেন। বাড়ির ভিতর থেকে জিনিসপত্রও গায়েব বলে দেখতে পান। (Sangeeta Bijlani)
এর পর থানায় খবর দেন সঙ্গীতা। পুণে গ্রামীণ থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়। শুক্রবার পুলিশের তরফে জানানো হয়, চার মাস পর ফার্মহাউসে পৌঁছে সঙ্গীতাই চুরি হয়েছে বুঝতে পারেন। ফার্মহাউসের মূল দরজা ভাঙা ছিল। জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকা হয়েছিল।
Theft reported at actor Sangeeta Bijlani's farmhouse in Pawna Maval, Lonavala.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 19, 2025
The incident happened two nights ago. A case has been lodged. pic.twitter.com/6qeSrbxTRZ
সঙ্গীতার ফার্মহাউস থেকে বড় একটি টেলিভিশন সেট গায়েব হয়ে গিয়েছে। বাড়ির খাট, রেফ্রিজারেটর পর্যন্ত ছাড়েনি চোরের দল। যা পেরেছে নিয়ে গিয়েছে, বাকি সব ভাঙচুর করে গিয়েছে তারা। বাড়ির টুকটাক জিনিসপত্রও গায়েব হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ, ভিতরের জিনিসপত্র ভাঙচুরও করে যায় চোরের দল।
পুণে গ্রামীণের পুলিশ সুপার সন্দীপ সিংহ গিলকে চিঠি দিয়েছেন সঙ্গীতা। তিনি জানিয়েছেন, অসুস্থ বাবার শুশ্রূষায় ব্যস্ত ছিলেন বলে ফার্মহাউসে যেতে পারেননি এতদিন। শেষ পর্যন্ত চার মাস পর দুই গৃহ সহায়িকাকে নিয়ে সেখানে পৌঁছন তিনি। কিন্তু মূল দরজা ভাঙা দেখেই বিপদ টের পান তিনি। ভিতর ঢুকে দেখেন, জানলার গ্রিল কাটা হয়েছে। একটি টেলিভিশন সেট চুরি গিয়েছে। একটি ভেঙে রেখে গিয়েছে চোরেরা।
সঙ্গীতা জানিয়েছেন, দোতলায় সবচেয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। সব খাট ভেঙে ফেলা হয়েছে। মূল্যবান জিনিসপত্র তো বটেই, টুকটাক জিনিসও চুরি গিয়েছে। যেটুকু যা পড়ে রয়েছে, ভাঙচুর চলেছে তার উপর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়ে ধারা যোগ করা হবে বলে জানিয়েছেন লোনাভালা থানার সিনিয়র ইনস্পেক্টর দীনেশ তায়ডে।





















