Epstein Files: বিদেশিনীকে নিয়ে কী কথা? 'এপস্টিন ফাইলসে' নাম অনিল আম্বানিরও
Anil Ambani: ‘এপস্টিন ফাইলস’ নামে আমেরিকার বিচারবিভাগের তরফে যে লক্ষ লক্ষ নথি প্রকাশ করা হয়েছে, তাতে অনিলের সঙ্গে জেফ্রি এপস্টিনের কথোপকথনও পাওয়া গিয়েছে।

নয়াদিল্লি: আমেরিকার কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে তাবড় প্রভাবশালীদের যোগসাজশ। সেই নিয়ে উত্তাল গোটা বিশ্ব। সেই তালিকায় নাম উঠে এল শিল্পপতি অনিল আম্বানিরও। জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ। এমনকি দু’জনের কথাবার্তার কিছু অংশও সামনে এসেছে, যা দেখে চোখ কপালে সকলের। (Anil Ambani)
‘এপস্টিন ফাইলস’ নামে আমেরিকার বিচারবিভাগের তরফে যে লক্ষ লক্ষ নথি প্রকাশ করা হয়েছে, তাতে অনিলের সঙ্গে জেফ্রি এপস্টিনের কথোপকথনও পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত যে সব তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত যোগাযোগ ছিল অনিলের। নাবালিকা পাচারে দোষী সাব্যস্ত হওয়ার কয়েক মাস আগেও অনিলের সঙ্গে কথা হয় তাঁর। (Epstein Files)
আন্তর্জাতিক রাজনীতি থেকে ব্যবসা, এমনকি মহিলাদের নিয়েও কথা হয় অনিল এবং এপস্টিনের মধ্যে। দেখা করার পরিকল্পনাও ছিল দু’জনের। ২০১৭ সালে আম্বানি পরিবারকে নিয়ে লেখা বেশ কিছু বইও অর্ডার করেন এপস্টিন।
৯ মার্চ তারিখের একটি কথোপকথন পাওয়া গিয়েছে, যেখানে অনিল লেখেন, ‘আপনি কাকে সাজেস্ট করবেন’। উত্তরে এপস্টিন লেখে, ‘সুইডেনের লম্বা কোনও ব্লন্ড মেয়েকে, যাতে সফর মজায় কাটে’। ২০ সেকেন্ড পর পাল্টা ইমেলে অনিল লেখেন, ‘ব্যবস্থা করুন’। একটি ফোন নম্বরও সামনে এসেছে, যেটি ব্যবহার করে অনিলের সঙ্গে কথা বলত এপস্টিন। পরের বছর প্যারিসে দেখা করার কথাও ছিল দু’জনের। সুইৎজারল্যান্ডে ওয়র্ল্ড ইকনমিক ফোরানে ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন ছিল, তা নিয়েও কথা হয়।
২০১৯ সালের মে মাসে নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে এপস্টিনকে জানান অনিল। সেখানে বেশ কয়েক জনের সঙ্গে তাঁকে দেখা করতে হবে বলে জানায় এপস্টিন। ম্যানহ্যাটনে এপস্টিনের বাড়িতে সাক্ষাতেরও ঠিক হয়েছিল দু’জনের। এপস্টিন ফাইলসে নাম থাকা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি অনিল। তবে বিষয়টি সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে।
নাবালক মেয়েদের দেহব্য়বসায় নামতে বাধ্য করার মামলায় ২০০৮ সালেই ফ্লোরিডায় দোষী সাব্যস্ত হয় এপস্টিন। তার পরও পৃথিবীর তাবড় প্রভাবশালী, বিত্তশালীদের সঙ্গে তার দহরম মহরম কীভাবে টিকেছিল, কী ভাবে বিলাসিতায় দিন কাটাতে পারছিল সে, তা নিয়ে প্রশ্নউঠছে। ২০১৯ সালে গ্রেফতার হয় এপস্টিন। পরবর্তীতে জেলের মধ্যে সে আত্মহত্য়া করে বলে জানা যায়। যদিও এপস্টিন সত্যিই আত্মহত্যা করেছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
























