Coal Scam: কয়লা কাণ্ডে ফের 'ব্যাটিং' শুরু ED-র ! নজরে আরও ১০ থানার পুলিশ অফিসাররা, কোন তথ্য জানতে চেয়ে চিঠি ?
Enforcement Directorate : ভোটের আগে আবারও ED-র নজর এই দিকেই। প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলের পর, এবার কুলটি, রানিগঞ্জ ও দুর্গাপুরের পুলিশ অফিসাররাও ED-র নজরে।

একদিকে যেমন বঙ্গ ভোটের ময়দান মাতিয়ে তুলেছেন প্রার্থীরা, অন্যদিকে 'ব্যাটিং' করা শুরু করল ইডি। আবারও সেই কয়লা মামলা, যা নিয়ে বিতর্কের শেষ নেই। রাজ্য রাজনীতিতেও শোরগোল ফেলেছে এই মামলা। ভোটের আগে আবারও ED-র নজর এই দিকেই। প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলের পর, এবার কুলটি, রানিগঞ্জ ও দুর্গাপুরে পুলিশ অফিসাররাও ED-র নজরে।
আবারও ইডির নজর কয়লা পাচার মামলার দিকে। প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলের পর আরও ১০ থানার দায়িত্বে কারা ও তাদের নাম কি, জানতে চেয়ে দুর্গাপুর-আসানসোল কমিশনারেটকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে চার বার তলব করেছিল ED, কিন্তু তিনি একবারও হাজিরা দেন না। পুলিশের খাতায় তিনি পলাতক।
ED সূত্রের খবর, কুলটি, রানিগঞ্জ ও দুর্গাপুর এলাকায় ১০ টি থানা রয়েছে। সেই থানার দায়িত্বে যারা আছেন তারা কতদিন থেকে আছেন এবং এর আগে কারা ছিলেন, তাদের নাম ও তারা কোন পদে কাজ করেন সেই সমস্ত তথ্য দিতে হবে। এমনই একটি চিঠি দুর্গাপুর-আসানসোল কমিশনারেটকে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে জানা গেছে, প্রাক্তন OC মনোরঞ্জনের নির্দেশে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়লা মাফিয়ারা প্রায় দেড় কোটি টাকা জমা করেছিল। সেই সূত্র ধরেই এই লেনদেনের তথ্য সংগহের জন্য ৪ বার নোটিশ দেওয়া হয়েছিল মনোরঞ্জন মণ্ডলকে। অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকাও নিয়েছিলেন তিনিও। এবার নজর আরও ১০ থানার পুলিশ অফিসারদের দিকে।
উল্লেখ্য, ১১ মার্চ ২০২৬, বুধবার সকালে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ফের হানা দিয়েছিল ED। কিন্তু বাড়িতে কেউ না থাকায়, হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস সাঁটিয়ে দিয়ে যান ইডির আধিকারিকরা। এই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে, তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে বদলি করে দেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, মনোর়ঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসি করা হচ্ছে। কিন্তু এই পদে দায়িত্ব নেওয়ার আগেই তাঁর বর্ধমানের বাড়িতে হানা দেয় ইডি। তারপর মনোরঞ্জনকে পুনরায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে বদলি করা হয়।
























