Spurious Liquor: মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
মণিপুরের চান্দেল জেলায় সন্দেহজনক বিষমদ পান করে ১৫ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি। মিথানল বিষক্রিয়ার আশঙ্কা, তদন্তে প্রশাসন।

কলকাতা: মদ খেয়ে এমন ভয়াবহ পরিণতি! বিষাক্ত মদ্যপানের জেরে মণিপুরে একের পর এক মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। গত তিন দিনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০-র বেশি মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরের চান্দেল জেলায়। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে।
কোথায় ঘটেছে এই ঘটনা?
মণিপুরের চান্দেল জেলার চাকপিকারং মহকুমা এবং আশপাশের এলাকায় এই ঘটনা ঘটেছে। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে একের পর এক মৃত্যুর খবর সামনে আসে। প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর কথা জানিয়েছিল জেলা পুলিশ। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে বলে ২১ নভেম্বরের আপডেটে জানিয়েছে India Today।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে বহু মানুষকে ইম্ফলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিজা হাসপাতালে ১৪০ জন এবং বাবিনা হাসপাতালে ৪১ জনের চিকিৎসা চলছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। পরবর্তী রিপোর্টে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আরও বেড়েছে।
মদে মিথানল মেশানোর আশঙ্কা
প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ভেজাল মদ বা বিষাক্ত অ্যালকোহল পান করার ফলেই এই বিপর্যয় ঘটেছে। মিথানল বিষক্রিয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে ঠিক কী কারণে এত মানুষের মৃত্যু হয়েছে, তা এখনও চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা যায়নি। গোটা বিষয়টি তদন্তাধীন।
চান্দেল জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের পান করা মদ নিকটবর্তী কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। চান্দেল জেলায় স্থানীয়ভাবে ওই মদ তৈরি হয়েছিল, এমন কোনও তথ্য পুলিশের কাছে নেই।
হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী
পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। শিজা হাসপাতাল এবং বাবিনা হাসপাতালে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি তাঁদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করা হবে। যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চান্দেল জেলায় চিকিৎসা পরিষেবা আরও জোরদার করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ-সহ একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে।
সতর্কবার্তা জারি প্রশাসনের
এই ঘটনার পরেই সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে চান্দেল জেলা প্রশাসন। আপাতত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে কেনা কোনও অ্যালকোহল পান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মদ্যপানের পর বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সন্দেহজনক উৎস থেকে মদ পান করে থাকলে কোনও উপসর্গ না থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, সন্দেহজনক মদ বিক্রি, মজুত বা বিতরণের কোনও খবর পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় ঠিক কী ধরনের বিষাক্ত পদার্থ কাজ করেছে, তা স্পষ্ট নয়। তবে পরপর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় উদ্বেগ বাড়ছে।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP






















