Rajasthan Panchayat Election : রাজস্থানে পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, শেষমেষ কটি আসনে ধরাশায়ী পদ্মদল?
Rajasthan Panchayat Election Results : রাজস্থানের পঞ্চায়েত ভোটে বড়সড় ধাক্কা খেল বিজেপি। ব্য়াপক সাফল্য় পেল কংগ্রেস

জয়পুর : রাজস্থানে পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি। তার সঙ্গে সঙ্গে বিরাট জয় পেল কংগ্রেস। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস ২৭টিতে জয়লাভ করেছে। যার মধ্য়ে রয়েছে জয়পুর, যোধপুর, বিকানের, বারমের, টঙ্ক। আর বিজেপি মাত্র ৬টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পাশাপাশি রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টি আসন জিতেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্র ৭৩টি। অন্য়দিকে, নির্দল ও অন্যান্যরা পেয়েছে ৬০টি।
রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাফল্য ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা। এই ফলাফলকে মানুষের আস্থা ও ভরসার প্রতিফলন বলে ব্যাখ্যা করেছেন তাঁরা। আগামী দিনে মানুষের সেই বিশ্বাসের মর্যাদা রাখার কথাও উঠে এসেছে সচিন পাইলটের কথায়। কংগ্রেসের সাধারণ সম্পাদক পাইলট সোশাল মিডিয়ায় জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে দলের এই বড় জয় নেতৃত্ব ও কর্মীদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ যে বিশ্বাস ও ভরসা কংগ্রেসের উপর রেখেছেন, আগামী দিনে সেই আস্থা অক্ষুণ্ণ রাখাই দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মতে, রাজস্থানের গ্রামাঞ্চলের মানুষ তাঁদের রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এই সাফল্য আসলে তৃণমূল স্তরের গণতন্ত্রের জয়। পাশাপাশি বিজেপির প্রতিশ্রুতিনির্ভর রাজনীতির প্রতিও মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছে এই ফলাফলে। একই সুর শোনা গিয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গহলৌতের বক্তব্যেও। তাঁর দাবি, কংগ্রেসের নীতি, কর্মসূচি এবং সিদ্ধান্তের প্রতি মানুষের সমর্থনই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে। মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর নেতৃত্বে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যে দলের যে রাজনৈতিক লড়াই চলছে, রাজস্থানের মানুষ সেই লড়াইকে সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, রাজ্যের মানুষ তাঁদের রায়ের মাধ্যমে সরকার ও শাসকপক্ষকে বার্তা দিয়েছেন।
তবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে বিজেপির সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। তাঁর বক্তব্য, এই নির্বাচনে আসন সংখ্যার ব্যবধানকে বড় করে দেখার কিছু নেই। পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে কোনও দল হারলেও লোকসভা বা বিধানসভা নির্বাচনে সেই দল জয় পেতে পারে। আবার উল্টোটাও ঘটে। অতীতেও বিভিন্ন নির্বাচনে এমন নজির রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, স্থানীয় নির্বাচন এবং লোকসভা-বিধানসভা নির্বাচনের ফলাফল সব সময় এক রকম হয় না।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP






















