এক্সপ্লোর
রায় দেওয়া বিচারকের ইস্তফা প্রত্যাখ্যান, কাজে যোগ দিতে নির্দেশ, মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় ফের বিচার চান ওয়েইসি

নয়াদিল্লি: মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় রায় দেওয়া বিচারক রবিন্দর রেড্ডির ইস্তফা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি স্বামী অসীমানন্দ সহ মামলার সব অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়ে রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় বিস্ময় ছড়ায় নানা মহলে। কিন্তু হায়দরাবাদ হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি রমেশ রঙ্গনাথন বিচারক রেড্ডির ইস্তফাপত্র খারিজ করে তাঁর ১৫ দিনের ছুটির আবেদনও বাতিল করে দিয়েছেন। তিনি নিয়মমাফিক তিন মাসের আগাম নোটিস দেননি বলে ইস্তফা প্রত্যাখ্যান করা হয়েছে। রেড্ডিকে কাজে যোগ দিতে বলা হয়েছে। মক্কা মসজিদ মামলায় গত ১৬ এপ্রিল বিশেষ বিচারক রেড্ডি অসীমানন্দ ছাড়াও দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, ভরত মোহনলাল রত্নেশ্বর ওরফে ভরত ভাই ও রাজেন্দ্র চৌধুরিকে নির্দোষ বলে রায় দেন। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই তিনি পদত্যাগ করায় জল্পনা মাথাচাড়া দিলেও আদালতের এক পদস্থ কর্তা জানিয়ে দেন, মামলার রায়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। রায় ঘোষণার কিছুদিন আগে থেকেই তিনি ইস্তফার ব্যাপারে ভাবনাচিন্তা করছিলেন। রায়ে অসীমানন্দ সহ মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার অভিযুক্তদের বিরুদ্ধে সরকারপক্ষ একটি অভিযোগও প্রমাণ করতে পারেন বলে জানান বিচারক রেড্ডি। যদিও তিনি ইস্তফা দিতে চাওয়ায় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইস আগে ট্যুইট করেন, মক্কা মসজিদ মামলায় অভিযুক্তকে রেহাই দেওয়া বিচারকের ইস্তফা খুবই রহস্যময়, আমি খুব অবাক। এবার তিনি এই মামলার পুনর্বিচার বা সব অভিযুক্তকে রেহাই দেওয়ার রায়ের বিরুদ্ধে আবেদন পেশের দাবি তুললেন। ওয়েইসি জানান, তিনি অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার রাজ্যপাল ই এস এল নরসিমহমের সঙ্গে দেখা করে মামলার যাবতীয় নথি দেবেন। বলেন, ফৌজদারি দণ্ডবিধির আওতায় নতুন করে তদন্ত হতে পারে। আমরা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রীকেও বলেছি, রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ফের আবেদন করুন বা ফের বিচার চেয়ে কেন্দ্রের কাছে দরবার করুন। ওয়েইসির অভিযোগ, এই মামলার বিচার শুরু হওয়ার পর এনআইএ আইনজীবী বদল করে এমন এক আইনজীবীকে ভার দেয় যিনি একটিও খুনের মামলা আজ পর্যন্ত লড়েননি। এ ধরনের সন্ত্রাস মামলায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোনও আইনজীবীকে সরকারপক্ষের নিয়োগ করা উচিত, কিন্তু এক্ষেত্রে একজন 'অনভিজ্ঞ' আইনজীবীকে ভার দেওয়া হল। লোকে বলে এনআইএ খাঁচায় বন্দি তোতা, কিন্তু আমি বলি, তারা শুধু খাঁচায় বন্দিই নয়, অন্ধ, বোবাও বটে।
আরও পড়ুন





















