রেলের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এক পরীক্ষার্থী ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ বি ধারা মামলা করা হয়েছে।

থানে: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য পরীক্ষা, সেখানেই উঠল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে জিতিন কুমার সাগর নামের এক পরীক্ষার্থী এবং তার সহযোগীদের বিরুদ্ধে। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। মহারাষ্ট্রের থানেতে অয়োজিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার কথা জানিয়েছেন সিনিয়র ইনসপেক্টর কিশোর খারনার।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ বি ধারা মামলা করা হয়েছে। ২৮ তারিখ এই পরীক্ষার আয়োজন করা হয়। যার দায়িত্বে ছিল থানের কেরিয়ার হাইয়েস্ট নামের একটি প্রতিষ্ঠান এবং সতবত ইনফোসল নামের একটি বেসরকারি সংস্থা। ৩০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রে একটি কম্পিউটারে সমস্যা দেখা দেয়। পরে সেটি পরীক্ষা করতেই সামনে আসে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি। দেখা যায়, ওই কম্পিউটারটি একটি ডিভাইসের সঙ্গে যুক্ত। এরপর রোল নম্বর মিলিয়ে দেখা যায়, ওই কম্পিউটারটিতে পরীক্ষা দিয়েছে অভিযুক্ত পরীক্ষার্থী জিতিন কুমার সাগর। এই সূত্র ধরেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ।
সেরা শিরোনাম
























