IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Shubman Gill: চিন্তার কালো মেঘ তৈরি করেছে ভারতীয় শিবিরের আকাশে। শুভমন গিলের বুড়ো আঙুলের চোট। কলম্বোয় অনুশীলনের মাঝেই চোট পেয়েছেন ভারত অধিনায়ক।

কলম্বো: শ্রীলঙ্কার(IND vs SL) বিরুদ্ধে আগামী ১৫ আগস্ট থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে আগামী ৭ আগস্ট থেকে তিনদিনের প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে গম্ভীরের দল। কিন্তু অনুশীলনে বিরাট ধাক্কা খেল ভারতীয় শিবির। যা চিন্তার কালো মেঘ তৈরি করেছে ভারতীয় শিবিরের আকাশে। শুভমন গিলের বুড়ো আঙুলের চোট। কলম্বোয় অনুশীলনের মাঝেই চোট পেয়েছেন ভারত অধিনায়ক। যন্ত্রণায় ছটফট করছিলেন। পরে নেট সেশন থেকে বেরিয়েও যান। তাহলে কি চোটের জন্য গিলের শ্রীলঙ্কা সফর এখানেই শেষ হয়ে গেল?
ঠিক কী হয়েছিল?
আগামীকাল থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা ভারতীয় দলের। তার আগে কলম্বোয় নেটে শেষ মুহূর্তের ব্যাটিং প্রস্তুতি সারছিলেন ভারত অধিনায়ক। তার মাঝেই ব্যাটিং অনুশীলনের সময় আচমকাই ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান গিল। বল আঙুলে লাগার ফলে যন্ত্রণা বেড়েছিল। সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দেওয়া হয় আঙুলে। বেশ কিছুক্ষণ ফিজিও নেটে এসে গিলের সঙ্গে কথা বলেন। প্রাথমিক চিকিৎসাও করা হয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের যদিও ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন ভারত অধিনায়ক। তবে দলীয় সূত্রে খবর, চোটটি গুরুতর নয়। তাই ১৫ আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে গিলের মাঠে নামতে কোনও সমস্য়া হওয়ার কথা নয়। তবে প্রস্তুতি ম্য়াচে হয়ত নাও খেলতে পারেন ডানহাতি ব্যাটার।
শ্রীলঙ্কায় গিলদের অনুশীলন নিয়ে বেশ আগ্রহ ছিল সবার। মাঠে গিলরা নামার আগেই চারিদিকে কড়া নিরাপত্তার ঘেরটোপে মুড়ে ফেলা হয়। এমনকী অনুশীলনের আশেপাশে দর্শকদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। যাঁরা ম্য়াচ ও সিরিজ কভার করবেন সেই সাংবাদিক ও ক্লাবের অন্য়ান্য সদস্যদেরও ভেতরে ঢোকার জন্য কড়া নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হচ্ছে। গত ৪ আগস্ট কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দল নামার পরই শ্রীলঙ্কা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের কর্মকর্তারা দলের প্রত্যেক সদস্যকে উষ্ণ অভ্য়র্থনা জানান।
এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্য়াটে ভারত ও শ্রীলঙ্কা ৪৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ৭ বার জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। ১৭টি টেস্ট ড্র হয়েছিল ফল। অর্থাৎ এবার আরও দুটো ম্য়াচ খেলবে দুটো দল। ব্যবধানটা ভারতের সামনে বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।




















