Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
কথায় আছে দেখবি যদি রথ, ধর কালনার পথ। আজ ধূমধামভাবে পালিত হল কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা। যেখানে জগন্নাথ,বলরাম বা সুভদ্রা নন, চড়েন কালনার লালজি মহারাজ। প্রায় ২৫০ বছরের পুরনো এই রথযাত্রা। রীতি মেনে মন্দির থেকে লালজি মহারাজকে পালকিতে নিয়ে যাওয়া হয় রথে। কালনার কয়েকটি প্রাচীন রথের মধ্যে অন্যতম বর্ধমান রাজপরিবারের এই রথযাত্রা। এ বছর রাজ্য সরকারের থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছে এই রথ উৎসব কমিটি। তাই আরও ঝাঁকজমকভাবে পালিত হল বর্ধমান রাজপরিবারের রথযাত্রা। উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক, এলাকার বিধায়ক- সহ বিশিষ্টরা। দিনভর একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই রথযাত্রা সাড়ম্বরে পালিত হয়।
দেশ জুড়ে রথে থাকেন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা। কিন্তু বীরভূম জেলার তারাপীঠের ছবিটা একেবারেই আলাদা। এখানে রাজবেশে রথে চেপে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা। আর এবছর সেই ঐতিহ্যবাহী রথযাত্রা পেতে চলেছে নতুন মাত্রা। পুরনো রথ নষ্ট হয়ে যাওয়ায়, মা তারার জন্য নির্মিত হয়েছে সম্পূর্ণ নতুন রথ। ঐতিহ্য বজায় রাখতে পুরনো রথের শুধুমাত্র দুটি চাকা ও ধুরি সংরক্ষিত হয়েছে নতুন রথে। বাকি প্রায় সম্পূর্ণ কাঠামো উন্নত মানের সেগুন কাঠ দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে । তারাপীঠে মা তারাই সব। বীরভূমবাসীর কাছে তিনিই প্রভু জগন্নাথের প্রতিভূ। সোজা রথ থেকে উল্টো রথ, দুই পর্যায়ের রথেই রাজবেশে সেজে ওঠেন হন মা তারা। প্রতিবছর এই অপরূপ দৃশ্য দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান তারাপীঠে।






















