হাওড়ার হরিজন বস্তি এলাকায় করোনা আক্রান্ত ৩৮ জন
হাওড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তি এলাকায় ৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ। ফুলেশ্বরের সঞ্জীবন, গোলাবাড়ির আইএলএস এবং সত্যবালা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কয়েকজনকে পাঠানো হয়েছে ডুমুরজলা কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। ওই এলাকায় প্রায় ৭০ জন সাফাই কর্মী কোয়ারেন্টিনে চলে যাওয়ায় জঞ্জাল সাফাইয়ের কাজে প্রভাব পড়েছে। পুরসভা সূত্রে খবর, হরিজন বস্তি এলাকায় প্রায় পনেরশো লোকের বসবাস। ওই এলাকার অধিকাংশ বাসিন্দা পুরসভা, রেল, বিভিন্ন শপিং মল এবং অফিসে সাফাইয়ের কাজ করেন। ৩৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়ায় নরসিংহ দত্ত রোডের ওই এলাকায় ঢোকা এবং বেরোনোর রাস্তা সিল করে দেওয়া হয়েছে। এলাকায় জীবানুনাশক স্প্রে করার কাজ চলছে।
























