Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Tathagata Roy On Anant Maharaj On Netaji : নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্য় ঘিরে নিন্দার ঝড়, দল থেকে বহিষ্কারের দাবি তথাগতর

কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়ক সম্পর্কে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য় ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তিতে সরব বিভিন্ন মহল। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
আরও পড়ুন, নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
বিজেপি প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায় বলেন, এই মহারাজ যে কথাগুলো বলছে, এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতো কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে জানে না। প্রথম যেটা করা উচিত, ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্য পদ খারিজ করে দেওয়া উচিত।
নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়ে বুধবারই হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, যারা সোশাল মিডিয়াতে, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। কিন্তু, অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া ব্য়বস্থা নেওয়া হবে কবে? এই প্রশ্নের আবহেই আবার বীরভূমের রামপুরহাটে দেখা গেল এই ছবি। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, গেরুয়া বোর্ডে লেখা রয়েছে নতুন নাম- ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা৷ সঙ্গে রয়েছেন রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত।
বীরভূম সিপিএম নেতা সঞ্জীব মল্লিক বলেন, বিজেপি, RSS-এর যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে স্বীকার করে না, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য।রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলেন, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলেছিল... কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল, তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রক্ষার জ্ঞান আমাদের নিতে হবে। পুরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে রাস্তাটাকে আমাদের ফাঁকা আছে বলেছিলেন বলেই নামকরণ করা হয়েছে।
যদিও পুর-চেয়ারম্যান আবার অন্য কথা বলছেন। রামপুরহাট পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, বিজেপির তরফ থেকে বলেছিল রাস্তাটার শ্যামাপ্রসাদের নামে নামকরণ করবেন। সেই প্রস্তাব আমাদের কাছে এসেছিল। এখন পর্যন্ত যেমন যে রাস্তা আছে, সেই রাস্তার নামকরণই আছে। পুরসভার তরফ থেকে এখনও পর্যন্ত নামকরণ, পরিবর্তন এখনও পর্যন্ত কোনও কিছু হয়নি। রাস্তার পুরনো নাম ফেরানোর দাবিতে পুরসভা ও রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিএম।





















