TMC News : তৃণমূলের দিল্লির টিম টুকরো হবে আজই? জল্পনার মাঝেই আজ দিল্লিতে শুভেন্দু
TMC - BJP News : সোমবার দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সোমবার নতুন দিল্লিতে সরকারি কাজে থাকছেন শুভেন্দু অধিকারীও। কী ঘটবে আজ?

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সংসদেও কি তৃণমূলের ভাঙন শুধুই সময়ের অপেক্ষা? দলের অন্দরে ক্রমশ বাড়ছে বিদ্রোহের জল্পনা। বিধানসভা, পুরসভা ও জেলা পরিষদের পর এবার সংসদীয় দলেও বড়সড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আর এই জল্পনার মাঝেই সোমবার দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই ঋতব্রতদের বিদ্রোহী-ব্লকে যোগ তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর? আর তৃণমূলের সাংসদ-ভাঙনের জল্পনার আবহে আজ দিল্লিতে শুভেন্দু অধিকারী।
বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ সংখ্যা ৪১। সূত্রের খবর, লোকসভায় দলের ২৮ জন সাংসদের মধ্যে বড় অংশই নাকি নেতৃত্বের উপর অসন্তুষ্ট। এমনকি প্রায় ২০ জন সাংসদ বিদ্রোহের জন্য প্রস্তুত বলেও দাবি উঠছে রাজনৈতিক মহলে।
লোকসভায় কারা এখনও মমতা-শিবিরেই ?
সূত্র মারফত জানা যাচ্ছে, লোকসভায় মাত্র কয়েকজন সাংসদই এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাম্প্রতিক মন্তব্যও এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, বিজেপির থেকে একটা 'অপারেশন লোটাস' চালানো হচ্ছে MP ভাঙিয়ে নেওয়ার। সেটা দেখা যাক। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলাম যে কাকলি ঘোষ দস্তিদার আর সুখেন্দুশেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনে।
রাজ্যসভায় কারা এখনও মমতা-শিবিরেই ?
শুধু লোকসভা নয়, একই ছবি নাকি রাজ্যসভাতেও। তৃণমূলের ১৩ জন রাজ্যসভার সাংসদের মধ্যে ৯ জনই অসন্তুষ্ট শিবিরে রয়েছেন বলে সূত্রের দাবি। অন্যদিকে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী নেতৃত্বের পাশে রয়েছেন বলেই খবর।
তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত সিলমোহর দিয়েছেন দলের বর্ষীয়াণ সাংসদ সুখেন্দু শেখর রায়। বললেন, ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়। আগুন লাগার আগেই ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে। যারা পারে না তারা ডুবে মরে।
দিল্লিতে আজ শুভেন্দু অধিকারীও
এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই দিল্লি সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি মন্ত্রীদের দপ্তর বণ্টন-সহ একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কয়েকজনের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে রাজনৈতিক সূত্রে দাবি। তৃণমূলের এই দোদুল্যমান আবহেই দিল্লিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি জল্পনা বাড়াচ্ছে। তবে এই গোটা বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল অ্যাপে ভুল তথ্য দিয়ে ফেলেছেন? কী করণীয়?























