Rahul Banerjee Death : 'প্রয়োজনীয় অনুমতি নেয়নি প্রোডাকশন ক্রু', কীভাবে দুর্ঘটনার কবলে রাহুল ? যা জানাল ওড়িশা পুলিশ...
Odisha Police : তালসারি, ওড়িশার বালাসোরের মধ্যে পড়ে। কী বলছে সেখানকার পুলিশ ?

কলকাতা : রবিবার দিঘার কাছে তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তালসারি, ওড়িশার বালাসোরের মধ্যে পড়ে। কী বলছে সেখানকার পুলিশ ? বালাসোরের অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী প্রধান বলেন, "গতকাল সন্ধে সাড়ে ৫টা নাগার ঘটনাটি ঘটে। তালিসারি সৈকতে একটি সিরিয়ালের জন্য শ্যুটিং করছিলেন বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। জলে একটি নাচের দৃশ্য শ্যুট করার সময় উনি গর্তে পড়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) মৃত ঘোষণা করা হয়। অভিনেত্রী শ্বেতা মিশ্র স্থিতিশীল অবস্থায় আছেন। প্রোডাকশন ক্রু প্রয়োজনীয় কোনও অনুমতি নেয়নি।"
#WATCH | Balasore, Odisha | On Bengali actor Rahul Arunoday Banerjee's death case, Balasore Additional SP Gayatri Pradhan says, “The incident occurred yesterday around 5:30pm. The Bengali actor Rahul Arunoday Banerjee and actress Sweta Mishra were shooting for a serial at Talsari… pic.twitter.com/NxP6yWSuup
— ANI (@ANI) March 30, 2026
ঘটনা প্রসঙ্গে এর আগে পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা বলেছেন, "একটা UD (আন-ন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্য) কেস শুরু হয়েছে আমাদের দিঘা থানায়। ময়নাতদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওড়িশা পুলিশের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত...ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের স্টেটমেন্ট আমরা রেকর্ড করছি। বাকি যে সহযোগিতা লাগবে সেটা ওড়িশা পুলিশ করবে বলেছে। আপাতত ময়নাতদন্ত নিয়ে ফর্মালিটিগুলো শেষ করি। বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে যা যা করণীয়...ফর্ম্যাল অফিসিয়াল ফর্ম্যালিটি যা যা আছে আমরা করব। ফুটেজ আমরা একটা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা কোনও অভিযোগ এখনও পাইনি। শ্যুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাঁকে দেখা গেছে, জলে শেষ অবস্থায় সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি। আরও তদন্ত করলে জানা যাবে। আরও তদন্ত এগোক। এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই।"
যে সময়ে তালসারির সমুদ্রসৈকতে ঘটে যায় দুর্ঘটনা, সেই সময়ে চলছিল শ্যুটিং! ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'-র আউটডোর শ্যুটিং চলছিল। শ্যুটিংয়ের ফাঁকেই একটু বেশি জলের কাছাকাছি চলে গিয়েছিলেন ধারাবাহিকের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) ও শ্বেতা মিশ্র। সেই সময়ে হঠাৎ টাল সামলাতে না পেরে পড়ে যান শ্বেতা, তাঁকে বাঁচাতে গিয়ে জলে ডুবতে থাকেন রাহুলও ! পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে, তখনই জলে ঝাঁপ দেন শ্যুটিং ক্রু-রা ! প্রথমে শ্বেতা, তারপরে রাহুলকে উদ্ধার করা হয়। শ্বেতা সামলে নিলেও, গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাহুল। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকেরা বলেন, ততক্ষণে সব শেষ। সাঁতার জানতেন না রাহুল বা শ্বেতা কেউই। তবে জানা যাচ্ছে, শ্যুটিংয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছিল নুলিয়া। তিনিই জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন।




















