Rahul Banerjee Death: যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন 'জাস্টিস ফর রাহুল'-এর মিছিলে, কী বলছেন স্বরূপ বিশ্বাস?
Rahul Banerjee News: স্বরূপ বিশ্বাস যে তালিকা শেয়ার করেছেন, সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে, টলিউডের বহু মানুষ এই মিছিলে সামিল হওয়ার কথা বলেছেন

কলকাতা: আগামীকাল প্রতিবাদ মিছিল। দাবি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)-এর মৃত্যুর সঠিক বিচার। কেন, কিভাবে অকালে ঝরে গেল একটা প্রাণ, সেই প্রশ্নের উত্তর মিলছে না এখনও। যে সমস্ত বয়ান প্রকাশ্যে এসেছে, তার মধ্যে অধিকাংশই অসঙ্গতিপূর্ণ। বেশিরভাগ বয়ানই পরস্পর বিরোধী। রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে, আগামীকাল টেকনিশিয়ান্স স্টুডিও থেকে একটি মিছিল করা হবে। সেই মিছিলে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক এমনকি নাগরিক সমাজকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান করা হয়েছে।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। সোশ্যাল মিডিয়ায় তিনি এদিন একটি তালিকা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, 'আমাদের সকলের প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ এবং শিহরিত। এই ঘটনা আবারও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী এবং কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থাকে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা চাই এই ঘটনার পিছনের আসল সত্যি সকলের সামনে আসুক। তাই আগামীকালের প্রতিবাদে আমি অবশ্যই থাকব। আপনাদের কাছে আমার বিনীত আবেদন আপনারাও এগিয়ে আসুন এবং আমাদের সাথে পা মেলান।'
স্বরূপ বিশ্বাস যে তালিকা শেয়ার করেছেন, সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে, টলিউডের বহু মানুষ এই মিছিলে সামিল হওয়ার কথা বলেছেন। টলিপাড়ার বিশিষ্ট অভিনেতারা 'ইম্পা', 'ফেডারেশন', 'পশ্চিমবঙ্গ আর্টিস্ট ফোরাম' এবং 'টেলিভিশন প্রযোজক'-দের এই পদযাত্রায় শামিল হওয়ার আবেদন জানিয়েছেন। তারই সমর্থনে স্বরূপ বিশ্বাস এদিন জানিয়েছেন, পদযাত্রায় পা মেলাবেন তিনিও। 'জাস্টিস ফর রাহুল' এর দাবি জানিয়ে টেকনিশিয়ান্স স্টুডিও থেকে শুরু হবে এই পদযাত্রা। পদযাত্রার আয়োজক হিসাবে নাম রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রানা সরকার, সৌরভ দাস, সৌরভ পালোধি, রূপাঞ্জনা মিত্র, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের।
অন্যদিকে এদিন রানা সরকার 'জাস্টিস ফর রাহুল'-এর পোস্টটি শেয়ার করে লেখেন, 'রাহুলের বন্ধুরা organise করেছে...যাদের মনে প্রশ্ন তাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। Officially কাউকে আহ্বান জানানোর কেউ নেই , এটা নাগরিক সমাজের উদ্যোগ। রাহুলের 46 জন বন্ধু ও সহকর্মী চিঠি দিয়ে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা ও সমস্ত টেলিভিশন প্রযোজককে অনুরোধ করেছে যাতে 4th April শনিবার 4pm থেকে শ্যুটিং বন্ধ রাখা হয়।'





















