সংঘাত মেটাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন কাঠামো নির্মাণ অবিলম্বে বন্ধ করুক চিন, স্পষ্ট জানাল ভারত
চিন যদি স্থিতাবস্থা পাল্টানোর চেষ্টা করে, তাহলে বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে...

নয়াদিল্লি: সীমান্তে সামরিক উত্তেজনা প্রশমন ঘটাতে হলে গালোয়ানকে নিজের জমি বলে দাবি না করে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন কাঠামো নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে চিনকে। সাফ জানিয়ে দিল ভারত।
শুক্রবার, চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সামরিক সংঘাত রোখার একমাত্র রাস্তা এটাই যে, চিনকে অবিলম্বে সেখানে নতুন কাঠামো তৈরি বন্ধ করতে হবে।
তিনি বলেন, গালওয়ানকে নিজেদের জায়গা বলে যে দাবি করে আসছে চিন, তা একেবারেই সমর্থনযোগ্য নয়। এধরনের ভুল দাবি করা হলে, সমস্যা রয়েই যাবে। চিন যদি স্থিতাবস্থা পাল্টানোর চেষ্টা করে, তাহলে বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। মিসরি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা অত্যাবশ্যক। চিনা বাহিনীর কার্যকলাপের ফলে দ্বিপাক্ষিক আস্থায় বিস্তর ক্ষতি হয়েছে।
ভারতীয় ফৌজের নিয়মিত প্যাট্রলিংয়ে বাধা দেওয়া বন্ধ করতে হবে চিনকে। কারণ, ভারতীয়দের যাবতীয় কার্যকলাপ নিজেদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ।
ভারতের আশা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে নিজেদের জায়গায় ফিরে গিয়ে উত্তেজনা প্রশমন করে চিন দায়িত্বশীলতার পরিচয় দেবে।
Before You Go
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান





















