Iran War : টন টন LPG নিয়ে হরমুজ পেরিয়ে ভারতের পথে আরও জাহাজ ! প্রধানমন্ত্রী-বিদেশমন্ত্রী কথা বলতেই গলল বরফ?
Iran War : বিশেষত, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জোগান নিয়ে সমস্যা চরমে। সঙ্কটে একাধিক পেশার মানুষ। এই পরিস্থিতিতেই এল বিরাট স্বস্তির খবর।

যুদ্ধের পারদ ক্রমেই চড়ছে। ইরান-আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ ক্রমেই রক্তক্ষয়ী হচ্ছে। আর তার প্রভাবে ভারতে শুরু হয়েছে জ্বালানি নিয়ে হাহাকার। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এদেশে গ্যাসের আকাল পড়ে গিয়েছে। বিশেষত, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জোগান নিয়ে সমস্যা চরমে। সঙ্কটে একাধিক পেশার মানুষ। এই পরিস্থিতিতেই এল বিরাট স্বস্তির খবর।
ভারতের পতাকা লাগিয়ে হরমুজ প্রণালী পার করে , শিবালিকের পর নন্দা দেবী নামে একটি তৈলপণ্যবাহী জাহাজও এগোচ্ছে ভারতের দিকে। ধুন্ধুমার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের দ্বিতীয় LPG-জাহাজ। হরমুজের খাঁড়ি থেকে বেরনোর পর নৌসেনার এসকর্টে ভারতে নিয়ে আসা হচ্ছে LPG ট্যাঙ্কারবাহী ওই জাহাজকে। এমনই খবর সূত্রের। আর একে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবে ব্যাখ্যা দিচ্ছে ওয়াকিবহাল মহল।
ভারত কীভাবে ইরানকে বার্তা দিয়েছে?
শুক্রবার ভারতের শিপিং কর্পোরেশন (SCI)-এর দুটি ভারতীয় পতাকা লাগানো দুটি এলপিজি ট্যাঙ্কার, শিবালিক এবং নন্দা দেবী, হরমুজ প্রণালী অতিক্রম করে। এখন ভারতে যাওয়ার পথে রয়েছে। সূত্রের মতে, এই যাত্রা একটি "খুবই সতর্কভাবে পরিচালিত অভিযান"।এই সফল পদক্ষেপটিকে নতুন দিল্লি ও তেহরানের মধ্যে তীব্র কূটনৈতিক প্রচেষ্টার ফল বলেই বলছে সূত্র। সূত্রের দাবি, এই সফল পদক্ষেপটিকে নতুন দিল্লি ও তেহরানের মধ্যে তীব্র কূটনৈতিক প্রচেষ্টার ফল। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সঙ্কটের পর ইরানের বিদেশ সচিব সৈয়দ আব্বাস আরাঘচি-এর সঙ্গে চার দফা আলোচনা করেছেন। এছাড়াও, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাও বলেন। এরপরেই ভারতীয় জাহাজের নিরাপদ যাত্রা সুনিশ্চিত করা যায়।
আর কত জাহাজ ফেরার অপেক্ষায়?
শিবালিক ট্যাঙ্কারটি প্রায় ৪০,০০০ মেট্রিক টন এলপিজি গ্যাস নিয়ে আসছে। এর ঠিক পরেই টন টন এলপিজি নিয়ে আসছে নন্দা দেবীও। বর্তমানে,আরও অনেকগুলি জ্বালানিবাহী জাহাজ, ভারতীয় পতাকা লাগিয়ে দেশে ফেরার অপেক্ষায়। বর্তমানে, প্রায় ২৩,০০০ ভারতীয় নাবিক পশ্চিম এশিয়ায় কর্মরত।





















