Agnimitra Paul: পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকার, এই কাজ করলেই দিতে হবে জরিমানা…হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা
West Bengal Government: পশ্চিমবঙ্গে এবার 'স্বচ্ছতা অভিযান'। ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল।

কলকাতা: পশ্চিমবঙ্গে এখন 'ডাবল ইঞ্জিন' সরকার। এবার কেন্দ্রের মতো রাজ্যেও 'স্বচ্ছতা অভিযান'। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না আর। প্রথমে সচেতনতামূলক প্রচার চালাবে রাজ্য। তার পরও অন্যথা দেখলে জরিমানা করা হবে। প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। বিশেষ অ্যাপও চালু করা হবে বলে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। (West Bengal Government)
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে 'স্বচ্ছতা অভিযানে'র ঘোষণা করলেন অগ্নিমিত্রা। সচেতনতামূলক প্রচার চালাতে আপাতত তিন মাসের সময়সীমা নির্ধারণ করেছেন তিনি। ওই তিন মাস পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সচেতন করা হবে মানুষজনকে। তার পরই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন। নিয়ম না মানলে নাগরিকদের জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন। (Agnimitra Paul)
আরও পড়ুন: ‘অভিষেকের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে’, দল ছাড়ার ইঙ্গিত দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, "আমি তিন মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, টিমওয়র্ক হিসেবে কাজ করব, স্কুল-কলেজ এবং আমরা বড়রা যাতে রাস্তায় নোংরা না ফেলি। আমরা এই ব্যবস্থা শুরু করব, মানুষকে অ্যালার্ট করার, সচেতন করার। তিন মাস বাদে কিন্তু আমি ফাইন শুরু করব। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ডাস্টবিন বসিয়ে দেব। গোটা পশ্চিমবঙ্গে আমি ১০০ মিটার দূরত্বে ডাস্টবিন বসাব এই তিন মাসে। তিন মাস আপনাদের সময় দেব। তিন মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না।"
আরও পড়ুন: দল ছাড়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের আর এক নেতা, বললেন, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’
অগ্নিমিত্রা আরও বলেন, "যদি আপনারা ফেলেন, সে চিপস হোক, ডাব হোক, থুতু হোক বা পানের পিকই হোক, তিন মাস পর কিন্তু ফাইন করা হবে। সারা রাজ্যে হবে। কারণ এটা স্বচ্ছ অ্যাপ। যে কোনও জিনিস, আমাদের শহর সুন্দর রাখতে। আমরা যখন সিঙ্গাপুর যাই, আমরা খুব ভদ্র, কিছু করি না। আমরা যখন কোয়েস্ট মল, সাউথ সিটি মলে যাই, আমরা খুব ভদ্র, কিছু করি না। কিন্তু বাইরে এসে চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিই। এটা কিন্তু করা যাবে না।"
রাজ্যে পালাবদলের আসার পর থেকেই একের পর এক পদক্ষেপ করতে শুরু করেছে নতুন সরকার। 'স্বচ্ছতা অভিযানে'র ঘোষণা হল এবার। পাশাপাশি, হাসপাতালগুলিতে দালালরাজ রুখতেও রাজ্য সরকারের কড়া বার্তা দিয়েছে। তৎপরতা চোখে পড়ছে কলকাতা মেডিক্যাল কলেজেও। দালালদের মাধ্যমে জরুরি বিভাগে বেড দখল রুখতে সব কর্তব্যরত চিকিৎসকদের সজাগ থাকার নির্দেশ দিল কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষ। জারি করা হয়েছে নির্দেশিকা।






















