অত্যাচার থেকে মুক্তি! বিবাহ-বিচ্ছেদের আনন্দে ৫০ কেজি কাজু-রবফি বিলি যুবকের

রাজকোট: বিয়ের খবর সবসময় সুখের। তাই তা জানাতে গিয়ে সকলেই মিষ্টিমুখ করিয়ে থাকেন। কিন্তু, তাই বলে মিষ্টি-বিতরণ করে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা!
এমনটা সত্যিই ভাবা যায় না। কারণ, বিচ্ছেদ কখনই সুখের নয়। তা কখনই কাম্য নয়। অথচ, এই অকল্পনীয় চিন্তাকেই বাস্তব করে দেখালেন গুজরাতের এক যুবক।
খবরে প্রকাশ, রাজকোটের বাসিন্দা ঋণকেশ রচ্চ আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের মধ্যে ৫০ কেজি কাজু বরফি বিতরণ করে নিজের বিবাহিত জীবনের ইতি টানার কথা ঘোষণা করলেন!
জানা গিয়েছে, সকলকে যে মিষ্টির প্যাকেট পাঠিয়েছেন ২৬ বছরের ঋণকেশ, তাতে গুজরাতি ভাষায় লেখা ছিল, ‘ছুতাছেড়া হড়ক না’। অর্থাৎ, শুভ বিবাহবিচ্ছেদ উদযাপন.. এমনকী, প্রত্যেক প্যাকেটে তাঁর পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীদেরও নাম ছিল।
কিন্তু, কেন এমন প্রতিক্রিয়া ঋণকেশের? উত্তরে যুবক জানান, এক বছরের বিবাহিত জীবন তাঁর কাছে অত্যাচারের চেয়ে কিছু কম ছিল না। তারপর আবার যোগ হয়েছিল ২ বছরের আইনি লড়াই। তিনি যোগ করেন, এই সময়ে তাঁর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।
পেশায় ব্যবসায়ী ঋণকেশের জানান, তাঁর প্রাক্তন স্ত্রী দাবি করেছিলেন, পরিবারের থেকে আলাদা হতে। রাজি হননি এই যুবক। ফলত, বৈবাহিক জীবনে সমস্যার সূত্রপাত। তিনি যোগ করেন, স্ত্রী যে খোরপোশ দাবি করেন, তা জোগাড় করতেই ২ বছর কেটে গিয়েছে। যদিও সেই পরিমাণ কত, তা তিনি খোলসা করেননি।
এমনকী, নিজের স্ত্রীর নামটাও জানাতে রাজি হননি ঋণকেশ। শুধু বলেন, আমি অতীত থেকে বেরিয়ে এসেছি। নতুন করে জীবন শুরু করতে চাই। সকলকে পাঠানো মিষ্টির প্যাকেটে এ জন্য ঋণকেশ একটি বার্তাও সকলকে দিয়েছেন। তাতে লেখা, এদেশে মহিলাদের সুরক্ষায় থাকা আইনের অপব্যবহার হয়ে চলেছে।






















