ভারতে অনুপ্রবেশের সময় বাহিনীর গুলি, প্রাণে বাঁচতে পালাল পাক জঙ্গিরা, ভিডিও প্রকাশ করল সেনা
সবুজ পাহাড়ে ঘেরা পাথরের খাঁজ থেকে বের হয়ে সন্তর্পণে এগোচ্ছিল অন্তত চার পাকিস্তানি জঙ্গি

নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখার কাছে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে সবুজ পাহাড়ে ঘেরা পাথরের খাঁজ থেকে বের হয়ে সন্তর্পণে এগোচ্ছিল অন্তত চার পাকিস্তানি জঙ্গি। কিন্তু, এপারে সতর্ক ছিল ভারতীয় সেনা। কয়েক সেকেন্ডের মধ্যেই জঙ্গিদের দিকে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি। প্রাণ বাঁচাতে যেনতেন প্রকারে এঁকেবেঁকে দৌড়ে পালাল জঙ্গিরা। ফিরে গেল সেই পাথরের ফাঁকে, যেখান থেকে তারা বেরিয়েছিল। কোনও নাট্যরূপ বা ফিল্মের শ্যুটিং নয়। একেবারে বাস্তব। এমনই একটি ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে। সেনার তরফে জানানো হয়েছে, গত ৩০ জুলাই এই ঘটনা ঘটেছিল। অর্থাৎ, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হওয়ার ঠিক এক সপ্তাহ আগে। এখনও নিয়ন্ত্রণরেখায় হাই-অ্যালার্ট জারি রয়েছে। সেনা গোয়েন্দা সূত্রে খবর, বিপুল সংখ্যক জঙ্গি ভারতে অনুপ্রবেশ করার জন্য অপেক্ষা করছে। জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পর থেকে জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা করে চলেছে পাকিস্তান। লক্ষ্য, উপত্যকাকে অশান্ত করা ও সেখানে নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধি করা। গোটা রাজ্যে আংশিক নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং কাশ্মীরে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে। সেনা সূত্রে খবর, ভারতে ঢোকার জন্য এই মুহূর্তে নিয়ন্ত্রণরেখার ঠিক ওপারে পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি-লঞ্চপ্যাডে অপেক্ষা করছে প্রায় ৫০০ জঙ্গি। তবে, এপারে প্রস্তুত ভারতীয় বাহিনীও। যে কোনও পরিস্থিতি ও যে কোনও পর্যায়ের মোকাবিলায় প্রস্তুত তারা।
Indian Army detected Pakistani terrorists near LoC in Kashmir’s Kupwara sector on 30 Jul.Indian troops started firing at them as soon as terrorists were detected&forced them to return to their territory.They were attempting to infiltrate&carry out attacks on Indian positions. pic.twitter.com/WlKT9VF6Cd
— ANI (@ANI) September 27, 2019
কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট, চলতি উৎসবের মরশুমে ভারতে নাশকতামূলক হামলার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষিতে দেশের নিরাপত্তা সংস্থাগুলি নজরদারি বৃদ্ধি করেছে এবং সুরক্ষা ব্যবস্থাকে আঁটোসাঁটো করেছে। গোয়েন্দাদের দাবি, প্রত্যেক বছরই এই সময়ে হামলার আশঙ্কা থাকে। তবে, এবছর সেই আশঙ্কা অনেকটাই বেশি। সম্প্রতি, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, বালাকোট সেক্টরে জঙ্গি-শিবিরগুলি ফের সক্রিয় হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে আকাশপথে অভিযান চালিয়ে এই ছাউনিগুলিকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার জবাব হিসেবে ওই এয়ার-রেড করা হয়েছিল। এর আগে, গত ৯ সেপ্টেম্বর আরও একটি ভিডিও প্রকাশ করেছিল ভারতীয় সেনা। সেখানে দেখানো হয়েছিল, অগাস্টের প্রথম সপ্তাহে কীভাবে নিয়ন্ত্রণরেখা বরাবর কেরন সেক্টরে পাক সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছিল নিরাপত্তাবাহিনী। ভিডিওতে দেখা গিয়েছে, ৫ ব্যাট সদস্যের দেহ পড়েছিল। পাশে পড়ে রয়েছে জঙ্গিদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র। পরে, পাক সেনারা সাদা পতাকা দেখিয়ে সহকর্মীদের দেহ ফেরত নিয়ে যায়।






















