Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Manav Suthar: গল টেস্টেই দ্বীপরাষ্ট্রে ভারতীয় বোলার হিসাবে পরিংসখ্যানের নিরিখে ইতিহাসের সর্বসেরা বোলিংটি করেন মানব সুথার।

নয়াদিল্লি: রবীন্দ্র জাডেজা কেরিয়ারের সায়াহ্নে উপনীত হয়েছেন। তবে গল টেস্টের পরে অনেকেই মনে করছেন ভারত জাডেজার উত্তরসূরি পেয়ে গিয়েছে। সেই উত্তরসূরির নাম মানব সুথার (Manav Suthar)। জাডেজার মতোই তিনিও বাঁ-হাতি অলরাউন্ডার। গলে মাত্র দ্বিতীয় টেস্টে খেলা মানব সুথার সকলকে নিজের দক্ষতার পরিচয় দিলেন।
তিনি আফগানিস্তানের বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ার শুরু করার ঠিক পরের ম্যাচেই কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ ও ম্য়াচে ১০ উইকেট নিয়ে ফেললেন। এরপরেই সুথারকে এক বিশেষ অনুরোধ জানালেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara,)। পূজারার মতে সুথারের মধ্যে লাল বলের বিশেষজ্ঞ হওয়ার সমস্ত গুণ রয়েছে। তিনি টিম ম্যানেজমেন্টকে তাই সুথারকে ধরে রাখার পরামর্শ তো দেনই, পাশাপাশি সুথারকেও আইপিএলের চুক্তির পিছনে ছুটতে নিষেধ করেন।
ব্রডকাস্টারদের স্টুডিওতে বসে পূজারাকে বলতে শোনা যায়, 'ওকে আগলে রাখার চেষ্টা কর। আমরা এই বিষয়ে তো আগেও আলোচনা করেছি। সব তরুণ ক্রিকেটারই সীমিত ওভারের ক্রিকেট খেলতে হয়তো চাইবে, তবে ভারতকে ওকে টেস্ট ক্রিকেটের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। নিঃসন্দেহে ওর আইপিএল খেলার ইচ্ছা হতেই পারে, তবে সেখানে যেও না। আইপিএলে খেলার সুযোগ পেলে ঠিক আছে, তবে নিজের শক্তিশালী অঙ্গগুলিকে এর জন্য বদলে ফেল না।'
আরও পড়ুন:- গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
পূজারা আরও যোগ করেন, 'আমার এমনি মনে হয় না যে ওর বোলিংয়ে কোনওরকম বদলের প্রয়োজন আছে। তবে সাদা বলের ক্রিকেটে ওই একটু ফ্ল্যাট বোলিং করতে হয়। ও আইপিএল খেললেও আমার সমস্যা নেই। আইপিএলে খেলে যদি ও সাফল্যা পায়, তাহলে তো খুব ভাল কথা। তবে কোনও কারণেই নিজের শক্তিশালী পক্ষ থেকে যেন ও সরে না যায়।'
ম্যাচের চতুর্থ দিনের পর ভারতের জয়ের সম্ভাবনাই বেশি ছিল। তবে গলে শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ভারতেরজয়ের পথের কাঁটা হয়ে দাঁড়ান সোনাল দিনুশা। দুরন্ত পাল্টা লড়াই চালান তিনি। প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাও। তবে শেষরক্ষা হয়নি। ৩৭২ রান তাড়া করতে নেমে ২০৬ রানেই থেমে যায় দ্বীপরাষ্ট্রের লড়াই। নিজের ১০ বলের ব্যবধানে চার উইকেট নিয়ে মানব সুথার ভারতের ৬০০তম টেস্ট ম্য়াচ জয় সুনিশ্চিত করেন। ১৬৫ রানে গল টেস্ট দিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।




















