Bengali New Year: আজ পয়লা বৈশাখ, কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে সকাল থেকে ভক্তদের ভিড়
ABP Ananda Live: আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।
সম্প্রীতির সিংহপাড়া
সিংহ পাড়া, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হিন্দু অধ্যুষিত এলাকা। তার মধ্যেই গুটিকতক মুসলিম পরিবারের বাস। কিন্তু, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুনে যখন জ্বলছে সামশেরগঞ্জ, তারই মধ্যে, মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা। মুসলিম সম্প্রদায়ের বাড়ির বাইরে কড়া পাহারায় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। নৈরাজ্যের মু্র্শিদাবাদে, সম্প্রীতির এক উজ্জ্বল পাঠ পড়ালেন সিংহ পাড়ার বাসিন্দারা।
'কাকুরাই ঘিরে রেখেছে'
সিংহ পাড়ার জুবেইদা মল্লিক বলেছেন, ' কাকুরাই ঘিরে রেখেছে, কোনও সমস্যা নেই আমাদের'। সিংহ পাড়ায় মন্দিরের ঠিক পাশে এই বাড়িতেই থাকেন সাবির মল্লিক ও জুবেইদা মল্লিক। সংশোধিত ওয়াকফ আইনের বিক্ষোভে শুক্রবার থেকে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদ। হিংসার আগুনে বলি হয় তিন-তিনটে প্রাণ। কিন্তু এই অশান্তির মধ্য়েই প্রতিবেশী সাবির-জুবেইদাদের রক্ষার দায়িত্ব নেন স্বপন-বংশীলালরা ! অশান্তির আগুন বন্ধুত্বকে ছারখার করতে পারেনি।






















