Sonarpur News: সোনারপুরের লাঙলবেড়িয়া কৃষি সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে অপসারিত সরকারি আধিকারিক
সোনারপুরের লাঙলবেড়িয়া কৃষি সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে অপসারিত সরকারি আধিকারিক। সরিয়ে দেওয়া হল লাঙলবেড়িয়ায় সমবায় দফতরের স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীকে। তাঁর জায়গায় এলেন তিন আধিকারিক মহেশ বসু, শেখর দাস ও সুদীপ্ত চক্রবর্তী। তাঁরাই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবেন। পাশাপাশি, খতিয়ে দেখা হবে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার বিষয়টিও। আমানতকারীদের অভিযোগ, প্রায় ১০ কোটি টাকা নয়ছয় হয়েছে। মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতাও। আমানতকারীদের সঞ্চিত অর্থও ফেরানো হচ্ছে না বলে অভিযোগ ওঠে। ২৬ অগাস্ট এই নিয়ে সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান আমানতকারীরা। কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে পথ অবরোধও করা হয়।

















