Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
বীরভূম : বিস্তর এলাকা জুড়ে পার্কিং, কোটি-কোটি টাকার সম্পত্তি, সোনা-প্রাসাদোপম বাড়ি — সবই মিলেছে। কিন্তু টুলু মণ্ডল সে কোথায়? বীরভূমের 'পাথরসম্রাট'কে ঘিরে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই আবহেই টুলু মণ্ডলের বিরুদ্ধে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। তবে টুলুর বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধের ধারার উপর হস্তক্ষেপ করল না আদালত। পাশাপাশি, বীরভূমের এই 'পাথরসম্রাট'কে 'মেঘনাদ' বলে সম্বোধন করতে দেখা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। তিনি বলেন, "টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন। মেঘের আড়াল থেকে সব দেখছেন। কোনও বিচক্ষণ ব্যাক্তি এত টাকা আলমারিতে রাখেন? এটা একটা সংগঠিত অপরাধ। এর কারণে রাজস্বের ক্ষতি হচ্ছে।" পাল্টা টুলুর আইনজীবীর দাবি, "পাথর তোলার লাইসেন্স ওঁর রয়েছে। উনি কোনও বেআইনি কাজ করেননি।" এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, "চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল।"





















