Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
কলকাতা : পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। এর আগে রক্ষাকবচ চেয়ে স্ত্রী অদিতি মুন্সি ও তিনি দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। তবে দেবরাজের আবেদন খারিজ করে বেঞ্চ। মূলত সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ ও অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। ঠিক কত টাকার হিসাব নয়ছয়ের অভিযোগ তাঁর বিরুদ্ধে? জানা গিয়েছে, দেবরাজ ও অদিতির বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরের অভিযোগ রয়েছে। এদিন পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করতেই রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "এটা হওয়ারই ছিল। ডাকাত গ্রেফতার হল।" শুধু তা-ই নয়, দেবরাজ ১০০ কোটি নয়, ১৩০০ কোটি টাকার সম্পত্তি বেনামে করে রেখেছেন বলেও দাবি করেন তিনি।

















