Corona: দেশে পরপর চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়াল
দেশে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। পরপর চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়াল। এর পাশাপাশি, দৈনিক মৃত্যুতেও নতুন রেকর্ড। একদিনে মৃতের সংখ্যা দেড় হাজারের বেশি। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।
গত ৫ এপ্রিল প্রথমবার ১ লক্ষ পেরিয়েছিল দেশের দৈনিক সংক্রমণ। মাত্র ১০ দিনের মধ্যে দেশে একদিনে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ১৫০ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লক্ষ ৯ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা গোটা করোনা পর্বে সর্বাধিক। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৩৪১। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ২০ শতাংশ। দেশে সুস্থতার হার ৮৬ দশমিক ৬২ শতাংশ।






















