Rahul Arunoday Banerjee Death: ৫০ মিনিটের শ্যুটিং হবে আজই, কাল থেকে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
Rahul Arunoday Death: মঙ্গলবার থেকে স্টুডিওপাড়ায় শুরু হচ্ছে কর্মবিরতি এবং তা অনির্দিষ্টকালের জন্য। পরবর্তীতে কবে, কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

মনামি রায়, কলকাতা : তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৭ দিন পার হয়ে গিয়েছে এই মর্মান্তিক ঘটনার। এখনও ঠিক করে জানাই গেল না সেদিন কী ঘটেছিল। চারপাশ থেকে শুধুই উঠছে হাজার হাজার প্রশ্ন। অথচ উত্তর নেই একটারও। এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছে স্টুডিওপাড়া। স্বভাবতই প্রশ্ন আসছে, তাহলে বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকগুলোর কী হবে? একটা নির্দিষ্ট সময়ের এপিসোড শ্যুট করে ব্যাঙ্কিং করা থাকে ধারাবাহিকগুলোর ক্ষেত্রে। এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হলে এইসব ধারাবাহিকের ভবিষ্যৎ কী হতে চলেছে? বিভিন্ন সিরিয়াল কর্তৃপক্ষ কি আলাদা করে কোনও ব্যবস্থা নিচ্ছে?
ইন্দ্রপুরী স্টুডিও, যেখানে অনেক ধারাবাহিকেরই শ্যুটিং হয়, সেখানে দেখা গিয়েছে, প্রতিটি ধারাবাহিকের শ্যুটিং সেটে আজ রয়েছে চূড়ান্ত ব্যস্ততা। এই স্টুডিওতে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তিনটি ধারাবাহিকের শ্যুটিং। কারণ সাধারণ দিনে যেখানে ২৮ থেকে ৩০ মিনিটের শ্যুট করে ব্যাঙ্কিং করে রাখা হয়, সেখানে আজ করতে হবে ৫০ মিনিটের শ্যুটিং। বিভিন্ন ধারাবাহিকের ক্ষেত্রে ২-৩ দিনের বেশি শ্যুটিং করে ব্যাঙ্কিং রাখা থাকে না। তাই সকাল থেকেই তৎপরতা দেখা গিয়েছে বিভিন্ন ধারাবাহিকের শ্যুটিং সেটে। কারণ ব্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার যথেষ্ট চাপ রয়েছে। জানা গিয়েছে, অন্যান্য দিন কলাকুশলীরা ১ ঘণ্টার একটা ব্রেক পান। তবে আজ সেই বিরতিও দেওয়া সম্ভব হবে না, কারণ কাজের অতিরিক্ত চাপ রয়েছে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। বিভিন্ন সিরিয়ালের শ্যুটিং সেটের সামনে মেকআপ এবং পোশাক সহযোগে একদম তৈরি শিল্পীরা।
আগামীকাল মঙ্গলবার থেকে স্টুডিওপাড়ায় শুরু হচ্ছে কর্মবিরতি এবং তা অনির্দিষ্টকালের জন্য। পরবর্তীতে কবে, কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ধারাবাহিকগুলো যাতে বন্ধ না হয়ে যায় বা কোনও বিরূপ প্রভাব যাতে না পড়ে, সেই জন্য আজই অনেকটা বেশি কাজ করে শ্যুটিং ফুটেজ ব্যাঙ্কিং করার জন্য ব্যবস্থা নিয়েছে বিভিন্ন সিরিয়ালের ইউনিট। ৫০ সেকেন্ডের শ্যুটিং করে তা ব্যাঙ্কিংয়ে রাখার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের, এমনটাই জানা গিয়েছে। একের বেশি সংখ্যক ইউনিটেও কাজ করার জন্য চেষ্টা করেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। তবে তা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। তাই চূড়ান্ত তৎপরতার সঙ্গে সোমবার সকাল থেকেই ইন্দ্রপুরী স্টুডিওর বিভিন্ন ধারাবাহিকের শ্যুটিং সেটে কাজ শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে সবকিছু।






















