IND vs NZ: বিশ্বকাপপূর্বে শেষ প্রতিযোগিতামূলক ম্য়াচ, কোথায় দেখবেন ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম টি-২০ ম্যাচ?
India vs New Zealand: ইতিমধ্যেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতে গিয়েছে ভারত। বর্তমানে সিরিজ়ের স্কোর ভারতের পক্ষে ৩-১।

তিরুঅনন্তপুরম: সিরিজ় জয় আগেই সুনিশ্চিত হয়ে গিয়েছে। তবে বিশ্বকাপপূর্বে ভারত এবং নিউজ়িল্যান্ড (India vs New Zealand), দুই দলই আজ নিজেদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে। মেগা টুর্নামেন্টের আগে দুই দলের নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। তাই আজকের ম্যাচের গুরুত্ব অপরিশীম।
এক নজরে এই ম্যাচ সংক্রান্ত না না খুঁটিনাটি বিষয়গুলি জেনে নেওয়া যাক।
কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?
গ্রিনফিল্ড স্টেডিয়াম, তিরুঅনন্তপুরমে ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের লড়াই?
৩১ জানুয়ারি, শনিবার খেলা শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।
কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?
ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি।
সিরিজ়ের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। তবে শনিবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি একেবারেই নিয়মরক্ষার ম্যাচ নয়। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মেগা টুর্নামেন্টের আগে এটাই দুই দলের শেষ প্রতিযোগিতামূলক ম্য়াচ। তাই একেবারে শেষবেলায় নিজেদের শক্তি, দুর্বলতা আরও একবার যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই।
চতুর্থ টি-টোয়েন্টিতে হালকা চোটের কারণে ঈশান খেলতে পারেননি। ভারতীয় অধিনায়ক টসের সময় জানিয়েছিলেন, 'আগের ম্য়াচে চোট পেয়েছে ঈশান কিষাণ। ওর পরিবর্তে অর্শদীপ সিংহ খেলছে।' ঈশানের চোট যে খুব একটা গুরুতর নয়, তা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীনই বোঝা গিয়েছিল। বিশেষ করে ভারতের ব্যাটিং ইনিংসের সময় একাধিকবার ডাগ আউট থেকে বেশ জোরে দৌড়েই কোচ গৌতম গম্ভীরের বার্তা দলের ব্যাটারদের পৌঁছে দিতে দেখা গিয়েছিল ঈশানকে।
অবশ্য যতক্ষণ না দলের তরফে সরকারিভাবে কিছু জানানো না হয়, ততক্ষণ ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যায় না। কিন্তু তিরুঅনন্তপুরমে কিউয়িদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ঈশানের একাদশে কামব্যাক কার্যত নিশ্চিত করে দিলেন সীতাংশু। ভারতীয় ব্যাটিং কোচ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সকলকে জানান, 'সম্ভাবনা প্রবল, আমার মনে হয় যতদূর আমি জানি, ও হয়তো খেলবে। ফিজিওরা তো এখানে ওর ফিটনেস দেখার জন্য রয়েইছেন এবং ওরাই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'



















