TMC: তৃণমূলের টিকিটে হেরেছে স্ত্রী! এরপরই তৃণমূলের মদতে বাবাকে খুন করল ছেলে?
তৃণমূলের (TMC) টিকিটে স্ত্রী হেরে যাওয়ায় মালদার (Malda) বামনগোলায় বিজেপি কর্মীকে (BJP Worker) খুন (Murder) করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃতের নাম বুড়ন মুর্মু। পঞ্চায়েত-ভোট-সন্ত্রাসের আবহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বেঁধেছে। মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ এবার পঞ্চায়েতে ভোটে মদনাবতী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে লড়ে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তারপর থেকেই বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন। তার জেরেই খুন বলে অভিযোগ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না মৃতের ছেলের। হুমকি দেওয়ার অভিযোগ পেয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার তৃণমূলের।






















