Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Kolkata Whole Night Bus Services: এমনই সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহণ দফতর। কোন কোন রুটে মিলবে পরিষেবা জানুন।

কলকাতা: এবার শহর ও শহরতলিতে রাতভর বাস চলবে। শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস। এমনই সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহণ দফতর। জানা গিয়েছে, হাওড়া থেকে পাটুলি, হাওড়া থেকে নিউটাউন রুটে মিলবে এই পরিষেবা। হাওড়া থেকে নীলগঞ্জ ( ব্যারাকপুর ), ডানলপ থেকে বালিগঞ্জ রুটেও পাওয়া পরিষেবা মিলবে। শিয়ালদা থেকে ঠাকুরপুকুর, কাঁকুড়গাছি থেকে বেহালা পর্যন্ত রুটে বাড়বে বাসের সময়সীমা। আজ থেকেই রাত্রিকালীন বাস চলবে। (Kolkata Whole Night Bus Services)
সারারাত বাস পরিষেবার ঘোষণা করে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ বলেন, "আমার মনে আছে সুভাষ চক্রবর্তী যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, তিনি করেছিলেন। বেশি দিন চলেনি। বন্ধ হয়ে গিয়েছে। মানুষের চাহিদা মেনে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি ২১ জুলাই থেকে। মেন যে সরকারি হাসপাতাল রয়েছে, স্টেশন থেকে, ব্যারাকপুর, হাওড়া থেকে বাসগুলি চালু হচ্ছে। হাওড়া, শিয়ালদা স্টেশন তো রয়েইছে। পুরো রুট পেয়ে যাবেন। অসুস্থ মানুষকে নিয়ে যেতে পারবেন পরিবারের লোকজন। রাত্রিকালীন পরিষেবা মিলবে।" (Kolkata News)
আরও পড়ুন: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
একাধিক রুটে বাসের সময়সীমা বাড়ানোর কথা আগেই জানানো হয়েছিল। শহরের বিভিন্ন হাসপাতালের অবস্থানকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্জুন। আজ রাত থেকেই অতিরিক্ত রাত্রিকালীন বাস চলবে। এ নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "কলকাতায় সারা দিন রাত মানুষ কাজ করেন, যাওয়া আসা করেন। আমরা চাই দিনরাত মানুষ কাজ করুক, প্রগতি হোক। মহিলাদের রাতে রাস্তায় বেরনো, রাতে অফিস করা বন্ধ করে দিয়েছিল আগের সরকার। মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের মুখ্য়মন্ত্রী কথা দিয়েছিলেন, নির্বাচনী ইস্তেহারেও ছিল। আমাদের সরকার এসে এই ধরনের পদক্ষেপ করছে।"
আরও পড়ুন: ক্রকস ছাড়া চলে না? পায়ের ক্ষতি করছেন, নিজেরও, শিশুরও, সতর্ক করলেন চিকিৎসকরা
অন্য দিকে, আজ থেকেউ রাজ্যে চালু হচ্ছে পিঙ্ক কার্ড, যা নিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। কার্ড না থাকলে দিতে হবে ভাড়া। পিঙ্ক কার্ড দেখালে ০ ব্যালান্সের টিকিট মিলবে হাতে। আর কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই পিঙ্ক কার্ডের জন্য় আবেদন করা যাবে। https://wb.gov.in/-এ গিয়ে অপশন বেছে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে নাম এবং মোবাইল নম্বর দিয়ে।
এর পাশাপাশি, নথি হিসেবে জমা দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ডের তথ্য। নিজের ছবিও আপলোড করে দিতে হবে ওয়েবসাইটে। সমস্ত তথ্য পাওয়ার পর চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া। যোগ্যরাই শেষে পিঙ্ক কার্ড হাতে পাবেন। অফলাইন আবেদন করতে চাইলে গ্রামের দিকে বিডিও অফিসে এবং শহরের দিকে পুরসভায় গিয়ে আবেদনপত্র পূরণ করে নথি জমা দিতে হবে। সব কিছুই যাচাইয়ের পর যদি দেখা যায় আবেদনকারী যোগ্য, পিঙ্ক কার্ড দিয়ে দেওয়া হবে তাঁকে।























