ED: পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্য়াসিস্ট্য়ান্ট রথীন্দ্র দে ও তাঁর বোনকে তলব ইডির
West Bengal News: তল্লাশির পরেই তলব। রাজ্যে একশো দিনের কাজে (100 Days work) দুর্নীতির অভিযোগের তদন্তে আরও তৎপর ED। অভিযানের পর এবার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল ৪ জেলার ৬ জায়গায় তল্লাশি অভিযানের পর দু'জনকে তলব করল ED. কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর, পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্য়াসিস্ট্য়ান্ট রথীন্দ্র দে ও তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। দু'জনকেই শুক্রবার সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেলডাঙা ১ নম্বর ব্লকের সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র দে। ১০০ দিনের কাজে ভুয়ো জবকার্ড তৈরি এবং সেই নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। তার তদন্তে গতকাল রথীন্দ্র দে-র বহরমপুরের বাড়িতে অভিযান চালান ED-র আধিকারিকরা। ED সূত্রের খবর, রথীন্দ্র দে-র বোন ইতি চট্টোপাধ্যায় ১০০ দিনের কাজের টেন্ডার পেয়েছিলেন। তাঁর নামে কিছু জিনিসপত্রও কেনা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গতকাল রথীন্দ্র দে-র বাড়িতে অভিযানে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই দুটি মোবাইল ফোন রথীন্দ্র দে এবং তাঁর বোন ইতি চট্টোপাধ্য়ায়ের সামনেই খুলতে চান ED-র আধিকারিকরা। ABP Ananda Live






















