Central Force: যাদবপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, আহত ৭, এলাকায় বিক্ষোভ
যাদবপুরে (Jadavpur) কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঘিরে উত্তেজনা। আহত কয়েকজন স্থানীয় বাসিন্দা। জানা গেছে, আজ দুপুর ৩টে নাগাদ যাদবপুরের নীলসংঘ এলাকায় গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের কয়েকজন প্রতিনিধি। তাঁরা এলাকায় ঘরছড়া বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান তাঁরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এমনকি পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ঘটনায় সেই সময় উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বাহিনীর জওয়ানরা এলাকার মহিলাদের উপর লাঠিচার্জ করেছে। এই ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে ৫ জনকে বাঘাযতীন রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই মহিলা। বিনা প্ররোচনায় তাঁদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।





















