Illigal Vaccine Camp: চুরি করে অন্তত ৩০ জনকে ভ্যাকসিন দিয়েছেন ধৃত স্বাস্থ্যকর্মী মিঠুন মণ্ডল, তদন্তে নতুন তথ্য
সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে নতুন তথ্য। জেলা প্রশাসন সূত্রে খবর, হিসেব ঠিক রাখতে রেজিস্টারে কারচুপি করে টিকা চুরি করতেন স্বাস্থ্য দফতরের ওই কর্মী। ডায়মন্ড হারবারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে খাতায়-কলমে দেখালেও তা দেওয়া হত সোনারপুরে। বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে জেলা প্রশাসনের তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। পুলিশের দাবি, ধৃত স্বাস্থ্য কর্মী জেরায় ভ্যাকসিন বিক্রির অভিযোগ অস্বীকার করলেও, তদন্তে জানা যায় ৩০০-৫০০ টাকায় বিক্রি করা হত ভ্যাকসিন। এ পর্যন্ত প্রায় ৩০ জনকে বেআইনিভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। কীভাবে ডায়মন্ড হারবারের স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা চুরি হল তা জানতে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পাশাপাশি, ডায়মন্ড হারবারে যাচ্ছে তদন্তকারীদের একটি দল।






















