Annapurna Yojana: "ঝাড়াই-বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে ১৭ তারিখ। টাকা যে ১৭ তারিখ পাবেন তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল।"

কলকাতা: অন্নপূর্ণা যোজনার আবেদনের ঝাড়াই বাছাই চলছে। সেই কাজ সম্পূর্ণ হলেই প্রতি মাসে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। আজ সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে কারা আগে পাবেন, সেটাও জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে ১৭ তারিখ। টাকা যে ১৭ তারিখ পাবেন তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। আবেদনের ঝাড়ই বাছাইয়ের কাজ চলছে। তা এখন অন্তিম পর্যায়ে। আমরা বলে দেব, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য আর কারা অযোগ্য। মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে কথা বলে জানিয়ে দেব।"
একসঙ্গে এদিন তিনি কটাক্ষ করলেন পূর্বতন তৃণমূল সরকারকেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বললেন, "আমরা তো আগেই বলেছি ১৭ তারিখ থেকে যোগ্য লোকরা টাকা পাবেন। কোনও অসুবিধার কারণ নেই। আগের সরকার ৫০০ টাকা দিতে কত মাস সময় লাগিয়েছিল? মনে আছে নাকি ২০২১ সালে? ৯ মাস লাগিয়েছিল। প্রতি মাসেই ভেরিফিকেশন চলত। অতএব এসব বলে লাভ নেই। আমরা ঠিক যোগ্য লোককে দেব।"
মুখ্যমন্ত্রী জানান নির্বাচনের আগে বিজেপি যে সংকল্পপত্র প্রকাশ করেছিল, সেখানে বলা হয়েছে এই অন্নপূর্ণা যোজনার বিষয়ে। শুভেন্দু অধিকারী বলেন, "আমাদের সংকল্প পত্রে কমিটমেন্ট আছে। যে যোগ্য মহিলা, দিদি রয়েছেন, বোন রয়েছেন, যাঁর পাওয়া উচিত ২৫ থেকে ৬০ বছর বয়সের তিনিই পাবেন অগ্রাধিকারের ভিত্তিতে। কোনও চিন্তার কোনও কারণ নেই। কোনও চিন্তা করবেন না। আমরা জুন মাসে ২৮ লক্ষ্য মহিলাকে দিয়েছি। আমরা জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে দিয়েছি। এবারে সংখ্যা বাড়বে।"
কীভাবে এই টাকা ট্রান্সফার করা হবে? সেটাও এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ঝাড়াই বাছাই হচ্ছে। আমরা ১৭ তারিখ টাকা ট্রান্সফার করা শুরু করব। আমাদের অর্থ দফতর যেমন সময় লাগে, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করে দেবে। এবং এটা যাদের ভেরিফিকেশন কমপ্লিট হল, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে অর্থ দফতর।"























