Dev-Subhasree: সিনেমার নাম ও ঠিক হয়নি! শুধু 'দেশু'-কে দেখতে ৯ মাস আগেই বিক্রি হয়ে গেল পুজোর ছবির অধিকাংশ টিকিট!
DeSu7: দুপুর ৩টে থেকে খুলে দেওয়া হয় অগ্রিম বুকিং। আর ঘণ্টা তিনেকের মধ্যেই ম্যাজিক!

- ছবি মুক্তির ১০ মাস আগে 'দেশু সেভেন' সিনেমার অগ্রিম বুকিং শুরু।
- প্রেম, অ্যাকশন ও থ্রিলারের মিশেলে তৈরি হতে চলেছে এই ছবি।
- অগ্রিম বুকিং খোলার তিন ঘণ্টার মধ্যে অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
- প্রথম দিনের শো-এর টিকিট দ্রুত বিক্রি হওয়াতে অভিনেতা কৃতজ্ঞ।
কলকাতা: আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) যে, সোমবার এমন একটি ঘোষণা হতে চলেছে, যেটা বাংলা ছবিতে কোনোদিন হয়নি। সেই মতো, সোমবার দুপুর ২টো নাগাদ, ফেসবুক লাইভে এসে দেব (Dev) আর শুভশ্রী বড় ঘোষণা করলেন, 'দেশু সেভেন' (DeSu7)-এর বুকিং খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ছবি মুক্তির ১০ মাস আগেই বুক করা যাবে এই সিনেমার টিকিট। 'বুক মাই শো'-তে সাধারণত ছবি মুক্তির দিন ২ আগে ছবির অগ্রিম বুকিং খুলে যায়। তবে এই ছবির ক্ষেত্রে বিষয়টা এক্কেবারে আলাদা। ছবি মুক্তির ৯ মাস আগেই খুলে দেওয়া হল সিনেমার অগ্রিম বুকিং!
বর্তমানের ট্রেন্ড অনুযায়ী, সাধারণত মানুষ সিনেমার ট্রেলার, টিজার দেখে, বিভিন্ন সাক্ষাৎকার শুনে তবেই সিনেমার টিকিট কাটেন। ছবির বিষয়বস্তু পছন্দ হলে, তবেই দেখতে যান প্রেক্ষাগৃহে। তবে এর ব্যতিক্রম ও রয়েছে। অনেক অনুরাগীই আবার কেবল প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্যই টিকিট কাটেন। তবে দেব আর শুভশ্রীর পুজোর ছবির নাম পর্যন্ত ঠিক হয়নি এখনও! এদিন ফেসবুক লাইভে এসে দেব আর শুভশ্রী জানান, তাঁদের সিনেমায় যেমন প্রেম থাকবে, তেমনই থাকবে অ্যাকশন। ছবিটিতে থ্রিলার এলিমেন্ট থাকলেও, ছবিটিকে পুরোপুরি থ্রিলার না বলাই ভাল। মোট কথা সবরকম মশলাই থাকবে এই ছবিতে। পাশাপাশি এই ছবির মিউজিকের ওপরেও যে বিশেষ জোর দেওয়া হবে, সেই ইঙ্গিত ও দেন দেব শুভশ্রী।
দুপুর ৩টে থেকে খুলে দেওয়া হয় অগ্রিম বুকিং। আর ঘণ্টা তিনেকের মধ্যেই ম্যাজিক! সোশ্য়াল মিডিয়ায় দেব আর শুভশ্রী যুগ্মভাবে পোস্ট করে জানান, যে সমস্ত সিনেমাহলে তাঁরা ফার্স্ট ডে ফার্স্ট শো-এর বুকিং খুলে দিয়েছিলেন, সেগুলির অধিকাংশই বিক্রি হয়ে গিয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত, 'বুক মাই শো'-এর হিসেবে দেখা যাচ্ছে, 'এসএসআর গ্লোব' (নিউমার্কেট এরিয়া)-র সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। 'প্রিয়া সিনেমা', 'এসএসআর অজন্তা সিনেমা বেহালা', 'আরডিবি সিনেমা সল্টলেক', 'রথীন্দ্র মাল্টিপ্লেক্স-সোদপুর', 'এসএসআর সিনেমা' ও 'সানসিটি মল-বারাসাত'-এর টিকিট ফিলিং ফাস্ট অর্থাৎ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা টিকিটই বেঁচে রয়েছে। এছাড়া, অন্যান্য সিনেমাহল গুলিতেও অনেকাংশেই টিকিট বিক্রি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় দেব ও শুভশ্রী একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন। সিনেমাহলের মধ্যে দিয়ে, হাত ধরে হাসি মুখে হেঁটে যাচ্ছেন দেব আর শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় দেব আর শুভশ্রী লিখেছেন, 'আরও একবার ইতিহাস তৈরি হল। দেশু7-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-র অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেল কয়েক মিনিটেই। এই ভালবাসার জন্য আমরা কৃতজ্ঞ। যাত্রা শুরু হল আমাদের।'






















